নিউজ ডেস্ক।।
হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান টার্গেট করে গ্রামে পৌঁছানো হচ্ছে টেলিযোগাযোগে উচ্চগতির ৪জি সেবা। এর ফলে প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ সেবায় গতি আসবে। একই সঙ্গে সারাদেশে সর্বাধুনিক প্রযুক্তির ৫জি সেবা চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ উদ্দেশ্যে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে গ্রামে ৪জি সম্প্রসারণ এবং দেশে ৫জি সেবা চালুর একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
সংশ্নিষ্টরা বলেছেন, ‘গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন’ নামে প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য ৪জি প্রযুক্তিনির্ভর আধুনিক টেলিযোগাযোগ সেবা সুলভ এবং সাশ্রয়ী হবে। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে সারাদেশে ৫জি প্রযুক্তিনির্ভর সেবা চালুর উদ্দেশ্যে বর্তমান ট্রান্সমিশন নেটওয়ার্ক সর্বাধুনিক করা হচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে নেওয়া প্রকল্পটি বাস্তবায়ন করবে টেলিটক বাংলাদেশ লিমিটেড। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে দুই হাজার ২০৪ কোটি টাকা। প্রায় পুরো অর্থই জোগান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। মাত্র ৬০ কোটি টাকা দেবে টেলিটক। ২০২৩ সালের মধ্যে এর বাস্তবায়ন কাজ শেষ হওয়ার কথা। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
