এইমাত্র পাওয়া

বিশ্বকাপ জেতার পর অবসরে যাবেন সাকিব

অনলাইন ডেস্ক ||
ক্রিকেটের তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতে তুলনামূলক শক্তিশালী বাংলাদেশ। সেই প্রমাণ টাইগাররা অনেকবার রেখেছে। তবে এখনও জেতা হয়নি বিশ্বকাপ। দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান জানালেন, বাংলাদেশকে বিশ্বকাপ জিতিয়ে তবেই অবসরে যেতে চান তিনি।

গতকাল দারাজের এক ফেসবুক লাইভে এসেছিলেন সাকিব। উপস্থাপিকা প্রশ্ন করেন, বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতবে? জবাবে সাবেক অধিনায়ক বলেন, ‘আমরা ২০২৩ বিশ্বকাপ জিতবো। এরপর আমি অবসরে যেতে চাই। আর যদি না জিতি তবে ২০২৭ বিশ্বকাপ খেলবো। সেখানে চ্যাম্পিয়ন হয়ে অবসরে যাবো ইনশাআল্লাহ।’

এরপর উপস্থাপিকার প্রশ্ন, আপনি কি বিশ্বকাপ জিতে তবেই অবসরে যেতে চান? সাকিব দিলেন সোজা উত্তর, ‘হ্যাঁ বিষয়টা ওরকমই। বাংলাদেশকে বিশ্বকাপ জিতিয়ে তবেই অবসরে যেতে চাই।’

সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব। এই অলরাউন্ডারের অনুপস্থিতিতে তাসমান পাড়ে বাংলাদেশও নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। ওয়ানডে এবং টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই স্বাগতিকদের কাছে ধবলধোলাই হয়েছে সফরকারীরা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে খেলার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন সাকিব। এজন্য আসন্ন শ্রীলঙ্কা সফরেও তার সার্ভিস পাচ্ছে না বাংলাদেশ। বিষয়টি নিয়ে প্রথমে অনেক সমালোচনা হয়েছিল। তবে এই তারকা অলরাউন্ডার কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে সবকিছু পরিষ্কার করেন। সেই সাথে অভিযোগের আঙুল তোলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে।

আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। কিছুদিন আগে হয়ে যাওয়া নিলাম থেকে ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে টুর্নামেন্টের দুইবারের চ্যাম্পিয়নরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.