এইমাত্র পাওয়া

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ৪০টন খেজুর পাঠাচ্ছে সৌদি

অনলাইন ডেস্ক ||

আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রায় ৪০ টন (দুই হাজার কার্টন) খেজুর দিয়েছে সৌদি সরকার। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনের কাছে সৌদি আরবের রাষ্ট্রদূতের পক্ষে ইসলামিক অ্যাফেয়ার্সের দায়িত্বশীল প্রধান আহমেদ বিন হাসান হামাদি এই খেজুর হস্তান্তর করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হস্তান্তর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন বলেন, ‘আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য সৌদি সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুই হাজার কার্টন খেজুর প্রদান করেছে। সৌদি আরব আমাদের অত্যন্ত ভ্রাতৃপ্রতিম একটি দেশ। এ ছাড়া মুসলমান হিসেবে তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা ভিন্ন। সে দেশে আমাদের বিপুল সংখ্যক লোক হজ্জ ও ওমরা করতে যায়।’

সচিব আরো বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ৪০ টন খেজুর, যারা ইফতারের সময় খেজুর কিনতে পারে না এ ধরনের জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা জেলা প্রশাসনের কাছে পাঠাব। আমরা চাচ্ছি যাতে রোজার প্রথম দিন থেকেই এই খেজুর দিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ইফতার করতে পারেন। আমরা দৃঢ়ভাবে জেলা প্রশাসকদের বলব যারা খেজুর কিনতে অসমর্থ তাদের মাঝে যেন এই খেজুর বিতরণ করা হয়। এই খেজুরের কোনো অংশ মন্ত্রণালয় বা অধিদপ্তরের না। এগুলো দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হবে।’

হামাদি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ। এই সম্পর্ককে সামনে এগিয়ে নেওয়ার জন্য সৌদি সরকার আন্তরিক। তার নিদর্শন স্বরূপ সামান্য কিছু খেজুর আজকে আমরা রাষ্ট্রদূতের পক্ষ থেকে আমি আহমেদ বিন হাসান হামাদি ইসলামিক অ্যাফেয়ার্সের দায়িত্বশীল প্রধান হিসেবে অফিশিয়ালি এই খেজুর হস্তান্তর করলাম। এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত ও নিজেকে ধন্য মনে করছি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.