এইমাত্র পাওয়া

ভাষানচর পরিদর্শনে যাচ্ছেন ১০ রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক ||

আগামী শনিবার (৩ এপ্রিল) স্থানান্তরিত রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের ১০ রাষ্ট্রদূত হাতিয়ার ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার কানাডিয়ান হাইকমিশন।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ফ্রান্স, অস্ট্রেলিয়া, তুরস্ক, জাপান, নেদারল্যান্ড ও কানাডার মিশন প্রধানরা বাংলাদেশ সরকারের নেতৃত্বে ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন। ভাসানচরে রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করবেন তারা। একইসঙ্গে এ বিষয়ে সরকারের সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী তারা।

যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে মার্চ মাসের ১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত জাতিসংঘের একটি দল দ্বীপটি পরিদর্শন করেছে। এই রাষ্ট্রগুলো রোহিঙ্গাদের জন্য তহবিল যোগান দেয়। ভাসানচরে রোহিঙ্গাদের জন্য সুযোগ-সুবিধা ও সেবা সরেজমিনে তারা দেখবেন। এছাড়া সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে তাদের কথা বলারও সুযোগ তৈরি হবে। বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের আলোচনা অব্যাহত রাখাও প্রয়োজন বলে উল্লেখ করা হয় যৌথ বিজ্ঞপ্তিতে।

কক্সবাজারের ক্যাম্প থেকে এক লাখ রোহিঙ্গাকে অধিকতর নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে ২ হাজার ৩১২ কোটি টাকা ব্যয় করে ভাসানচর প্রস্তুত করে সরকার। বছর দুয়েক আগে রোহিঙ্গাদের জন্য প্রস্তুত করা ভাসানচরে রোহিঙ্গাদের স্থানান্তর করা সম্ভব হচ্ছিল না আন্তর্জাতিক সম্প্রদায়ের কারণে।

তবে গত বছরের ডিসেম্বরে জাতিসংঘের অনিচ্ছার পরও ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা দিয়ে ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু করে সরকার। এ পর্যন্ত ছয় দফায় রোহিঙ্গাদের সেখানে স্থানান্তর করা হয়েছে। জাতিসংঘের ১৮ সদস্যের একটি দল গত ২৩ মার্চ ভাসানচর পরিদর্শন করেছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.