আনসারের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেশের প্রতিটি মানুষের গ্রহণ নিশ্চিত করতে আনসার সদস্যের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘‘আজকে আমরা করোনাভাইরাস মোকাবিলা করছি। আমি সকলকে অনুরোধ করব, আনসার ভিডিপির প্রত্যেকটা সদস্যকে, প্রতিটি মানুষ যেন এই করোনার টিকাটা নেয়। কারণ টিকা দেয়া আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি।’

টাঙ্গাইলের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে আয়োজিত আনসার-ভিডিপির ৪১তম জাতীয় সম্মেলনে গণভবন থেকে আজ ১১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘অনেকেই ভয় পান, সুঁই ফোটাতেই ভয় পান। এ রকমও কিছু কিছু মানুষ আছে। কিন্তু তারা যাতে রোগাক্রান্ত না হন, স্বাস্থ্য সুরক্ষা যেন মেনে চলার পাশাপাশি টিকাটাও তারা নেন, সময়মতো সে ব্যবস্থাটা আমরা করেছি। আমরা আপনাদের সহযোগিতাও চাই।’

শেখ হাসিনা বলেন, ‘নিবন্ধনের জন্য আমাদের যে ডিজিটাল সেন্টার আছে, সেই সেন্টারে গিয়েই সবাই নিবন্ধন করতে পারবেন। তার মাধ্যমে নিজে এবং পরিবারের সকল সদস্যও যেন টিকা নেয় সেদিকে যত্নবান হওয়ার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আনসার ভিডিপিকেও আমি অনুরোধ করছি, আপনারাও গ্রামের মানুষকে একটু উদ্বুদ্ধ করবেন যেন এই মহামারি, যেটা আজকে বিশ্বব্যাপী দেখা গেছে, তার হাত থেকে অন্তত বাংলাদেশের মানুষ যেন মুক্তি পায়, এ জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

মুক্তিযুদ্ধসহ দেশের সকল আন্দোলন-সংগ্রামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) অংশ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১-এর ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সবাইকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান, তখন আনসার-ভিডিপির সদস্যরাও মুক্তির সে সংগ্রামে অংশ নেন। শুধু তা-ই নয়, তারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্রও দেন।’

শেখ হাসিনা বলেন, ‘২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াত যখন আগুন সন্ত্রাস চালিয়ে মানুষ হত্যা করেছিলো, রেললাইন তুলে মানুষ হত্যার চেষ্টা করেছিল, সে পরিস্থিতি মোকাবিলায় আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়। তারা তখন সফলভাবে এ অগ্নিসন্ত্রাস মোকাবিলা করেন।’

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী “মুজিববর্ষের উদ্দীপন, আনসার-ভিডিপি আছে সারাক্ষণ” এ স্লোগানটিকে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে বাল্যবিয়ে বন্ধ ও মাদক নির্মূলসহ বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও এসময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.