অনলাইন ডেস্ক ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, অটো পাস শিক্ষার্থীদের ‘লার্নিং গ্যাপ’ পূরণে ক্লাস খোলার শুরুতেই প্রয়োজনে আলাদা সেশন করতে হবে। শনিবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অটো পাস প্রদান নিয়ে ছায়া সংসদ বিতর্কে এ কথা বলেন তিনি।
মহামারি করোনা পরিস্থিতিতে পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াই সব শিক্ষার্থীকে অটো পাসের সিদ্ধান্ত নেয় সরকার, ২০২০ সালে হয়নি উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাও। এতে ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন শিক্ষার্থী পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার সুযোগ পায়। তবে এ নিয়ে রয়েছে নানা বিতর্ক। বর্তমান প্রেক্ষাপটে অটো পাস প্রদান উত্তম সিদ্ধান্ত’ বিষয়ক বিতর্কে উঠে আসে দু’ অবস্থানের পক্ষে বিপক্ষে যুক্তি। এফডিসিতে অনুষ্ঠিত বিতর্কে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, করোনা পরবর্তী শিক্ষার্থীদের ঝরে পড়া নিয়ন্ত্রণে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। উচ্চশিক্ষা নিশ্চিতে প্রয়োজনে সরকারকে ভর্তুকি প্রদান করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েই খুলতে হবে শিক্ষা প্রতিষ্ঠান। অটো পাস শিক্ষার্থীদের ‘লার্নিং গ্যাপ’ পূরণে নানা পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ভিসি।
চতুর্থ শিল্প বিপ্লব এবং এসডিজি বাস্তবায়নে যে কোন উপায়ে শিক্ষার্থীদের সমন্বিত রাখার তাগিদ দেন বক্তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
