এইমাত্র পাওয়া

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে বিসিএসআইআর গবেষণা চুক্তি স্বাক্ষর

বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) মধ্যে গবেষণা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীতকরণ এবং শিক্ষার্থীদের গবেষণার ক্ষেত্রকে অধিকতর সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকার বিসিএসআইআর প্রধান কার্যালয়ে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

এর মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিএসআইআর এর আন্তর্জাতিক মানের গবেষণাগারগুলো ব্যবহারের সুযোগ পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিসিএসআইআর’র চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ ও সচিব শাহ আবদুল তারিক, বিসিএসআইআর সদস্য মো. শওকত আলী, মো. জাকের হোসেন, ড. রূপেশ চন্দ্র রয়, পরিচালক ড. সারোয়ার জাহান, বিজ্ঞানী ড. নজরুল ইসলাম ভূঁইয়া, মো. আমিরুল ইসলাম, রিচার্জ কো-অর্ডিনেটর হেমায়েত হোসেন ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম এবং পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সাইফ ইসতিয়াক উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ফয়সল মাহমুদ রুমি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.