এইমাত্র পাওয়া

দৈবচয়ন পদ্ধতিতে বা নামের বর্ণ ক্রমানুসারে হবে রোল নম্বর

অনলাইন ডেস্ক ঃ
শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক মানসিকতা তৈরির লক্ষ নিয়ে রোল নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের আইডি নম্বর দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোল নম্বর প্রথার বিলুপ্ত হবে। আর দৈবচয়ন পদ্ধতিতে বা নামের বর্ণ ক্রমানুসারে শিক্ষার্থীদের আইডি নম্বর দেয়া যায় বলে মন্তব্য করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এ মন্তব্যের আলোকে শিক্ষার্থীদের আইডি দেয়ার কাজ শুরু করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বলেছে শিক্ষা অধিদপ্তর।

শিক্ষা অধিদপ্তর থেকে আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সরকারি-বেসরকারি স্কুলগুলোর প্রধানদের চিঠি পাঠিয়ে বিষয়টি জানানো হয়েছে। করোনা মহামারির কারণে মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। অ্যাসাইনমেন্টভিত্তিক মূল্যায়ন কার্যক্রম সারাদেশে সম্পন্ন হয়েছে। এ মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের রোল নম্বর দেয়া যথাযথ হবে কিনা তা নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এছাড়াও রোল নম্বর প্রথা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দিতা তৈরি করে, য গুণগত শিক্ষা অর্জনে অন্তরায়। গুণগত শিক্ষা অর্জনে প্রতিদ্বন্দিতার মনোভাব নয়, শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক মানসিকতা তৈরি করা প্রয়োজন। এ ক্ষেত্রে নম্বর প্রথার পরিবর্তে আইডি নম্বর ব্যবহার অনুকূল পরিবেশ সৃষ্টি করবে।

অধিদপ্তর আরও বলছে, শিক্ষার্থীদের দুই পদ্ধতিতে আইডি নম্বর দেয়া যায়। একটি দৈবচয়ন পদ্ধতিতে, অপরটি শিক্ষার্থীর নামের বানানের বর্ণ ক্রমানুসারে আইডি প্রদান করা যায়। এ আলোকে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রধানদের বলেছে শিক্ষা অধিদপ্তর।

এরআগে গত ২৯ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আসছে বছর শিক্ষার্থীদের শ্রেণি রোল নম্বর থাকছে না। এর পরিবর্তে শিক্ষার্থীদের আইডি নম্বর দেয়া হবে। পুরনো রোল নম্বর প্রথার বিলুপ্তি হবে। রোল নম্বর প্রথার বিলুপ্তির ফলে শিক্ষার্থীদের মধ্যে অনভিপ্রেত প্রতিযোগিতা বন্ধ হবে। শিক্ষার্থীদের মাঝে সহযোগিতার মনোভাব তৈরি হবে। চলতি বছর লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিছুটা সমতা আসবে এবং গুণগত শিক্ষা অর্জন সহজ হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.