অনলাইন ডেস্ক ঃ
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ কে শুরু থেকেই গুরুত্বই দেননি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। মাস্ক না পরেই ঘুরে বেড়িয়েছেন সর্বত্র।
সমাবেশ করেছেন সমর্থকদের নিয়ে। তাকে মাস্ক পরাতে আদালত আদেশ পর্যন্ত দিয়েছেন। এবার মহামারীর টিকা নিয়েও বিদ্রূপ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
তার মতে, ফাইজার-বায়োএনটেকের টিকা নিলে মানুষ কুমিরে রূপান্তরিত হতে পারে বা নারীর দাড়ি গজাতে পারে। এমনকি পুরুষকণ্ঠ নারীকণ্ঠেও পরিণত হতে পারে। খবর এএফপির।
স্থানীয় সময় গত বুধবার টিকাদান কর্মসূচি শুরু হয় ব্রাজিলে। বৃহস্পতিবার বলসোনারো বলেন, ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কোনো দায় আমরা নেব না। যদি তুমি কুমিরে রূপান্তরিত হও, তাহলে সেটা তোমার সমস্যা।
টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে ইঙ্গিত করে তিনি বলেন, যদি তুমি অতিমানব হয়ে যাও, যদি নারীর দাড়ি গজাতে শুরু করে অথবা পুরুষ নারীদের গলায় কথা বলতে শুরু করে, তাহলে কিছু করার থাকবে না।
এ সময় নিজে টিকা নিবেন না বলেও ঘোষণা দেন ব্রাজিলের আলোচিত এ প্রেসিডেন্ট।
সিএনএন জানিয়েছে, শুরু থেকে করোনাকে পাত্তা না দেয়ায় সমালোচিত হচ্ছিলেন বলসোনারো। লকডাউন নিয়ে তার সঙ্গে দ্বন্দ্বে বাদ পড়েন ব্রাজিলের দুজন স্বাস্থ্যমন্ত্রী। এখনও স্থায়ী স্বাস্থ্যমন্ত্রী পায়নি লাতিন আমেরিকার দেশটি।
এদিকে সংক্রমণও কমছে না। যুক্তরাষ্ট্রের পর আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় দেশটি।
লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭০ লাখের বেশি মানুষ। মারা গেছেন ১ লাখ ৮৫ হাজার মানুষ।
শিক্ষাবার্তা/ বিআ
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
