এইমাত্র পাওয়া

ছাত্রদলের মনোনয়ন ফরম বিক্রি শুরু

বিএনপির সহযোগী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। নির্বাচনে আপিল কমিটির প্রধান, সংগঠনটির সাবেক সভাপতি ও বর্তমানে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্ধোধন করেন।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। পুনঃতফসিল অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত কাউন্সিলরদের ভোটে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।

পুনঃতফসিল অনুযায়ী, ১৭ ও ১৮ আগস্ট সভাপতি ও সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্র বিতরণের দিন ধার্য করা হয়। ফরম জমা দেওয়া যাবে ১৯ ও ২০ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩১ আগস্ট। ২২ থেকে ২৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটের জন্য প্রচার চালাতে পারবেন।

১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ হবে।

মনোনয়ন ফরম বিতরণকালে শামসুজ্জামান দুদু বলেন, ‘যারা এই দুঃসময় ছাত্রদলকে এগিয়ে নেওয়ার জন্য শত নির্যাতন উপেক্ষা করে, কারাবরণ করে হামলা-মামলা সহ্য করে তারেক রহমানের চিন্তা পরামর্শে এক হচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাই। নির্যাতিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বীরের মতো দেশে ফিরিয়ে আনতে এবং আমাদের জনপ্রিয় নেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত করতে ছাত্রদলের আগামী নেতৃত্ব সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করছি।’

এরপর মনোয়ন ফরম কেনেন সাধারণ সম্পাদক প্রার্থী পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আর সভাপতি পদে মনোনয়নপত্র কেনেন ছাত্রদলের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক মামুন খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সাবেক সভাপতি ড. আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, ছাত্রদলের সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক ছাত্রনেতা এবি এম মোশাররফ হোসেন, সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, রাজিব আহসান, সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, হাবিবুর রশিদ হাবিব, আকরামুল হাসানসহ অন্যান্য সাবেক ছাত্রনেতারা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.