দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

নিজস্ব প্রতিনিধি।।

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গতকালের মতো আজ বুধবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে সকাল ১০টার মধ্যেই দেখা মিলেছে সূর্যের। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এক সপ্তাহ ধরে আকাশে মেঘ জমে থাকায় এবং কুয়াশা বৃদ্ধি পাওয়ায় দিনেরবেলা সূর্য উত্তাপ ছড়াতে পারছে না। যে কারণে তাপমাত্রা ওঠানামা করলেও শীত বেশি অনুভূত হচ্ছে বলে জানান আবহাওয়াবিদেরা। এ ছাড়া হিমালয়ের খুব কাছাকাছি জেলা হওয়ায় পঞ্চগড়ে সহজেই উত্তর–পশ্চিম দিক থেকে হিমালয়ের হিম বায়ু প্রবেশ করায় বেশি শীত অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ  বলেন, দুই দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন এবং কুয়াশার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে আসতে পারছে না। তবে আজ সকাল সকাল সূর্যের দেখা মেলায় দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে তিনি জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.