কুমিল্লা জেলার লাকসামের আল-আমিন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. আবুল বাশারকে অর্থ আত্মসাৎ, অসদাচরণ, দায়িত্বে অবহেলা, অযোগ্যতা ও অনৈতিকতার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. আব্দুল মুবিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মো. আবুল বশার, পিতা-মৃত আবদুল জব্বার, প্রধান শিক্ষক আল-আমিন ইনস্টিটিউট, লাকসাম, কুমিল্লা। গত ০৪/১১/২০২০ আপনার বিরুদ্ধে পরিচালনা পর্ষদ কর্তৃক যে শোকজ নোটিশ প্রদান করা হয় তার জবাব ১০/১১/২০২০ তারিখে হস্তগত হয়। তাতে আনীত অভিযোগের প্রতিটি বিষয়ে তথ্যগত ভুল ও মিথ্যাচারে পরিপূর্ণ। তাই কমিটির সব সদস্য আপনার জবাব সঠিক নয় বলে মনে করে। কারণ, আপনি অর্থ আত্মসাৎ, অসদাচরণ, দায়িত্বের অবহেলা, অযোগ্যতা ও অনৈতিকতাসহ সকল দোষে দুষ্ট। তাই প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে কমিটির সবার সর্বসম্মতিক্রমে অদ্য ১৪/১১/২০২০ থেকে আপনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’
ইনস্টিটিউটের পরিচালনা কমিটির সভাপতি ডা. আব্দুল মুবিনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি তদন্তাধীন। আমি এ বিষয়ে কোনো কথা বলতে পারব না।
ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. আবুল বাশার জানান, আমার বিরুদ্ধে এসবই মিথ্যা অভিযোগ। আমার এর সঙ্গে কোনো সংশ্লিষ্ঠতা নেই। আমি রাজনীতির শিকার। মিথ্যা অভিযোগে আমাকে হেনস্তা করা হয়েছে।
শিক্ষাবার্তা/এসআই
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
