নিউজ ডেস্ক।।
কর আদায় ব্যবস্থা আরো সহজ করতেই জাতীয় রাজস্ব বোর্ড অনলাইনে আয়কর বিবরণী বা রিটার্ন জমা নেয়ার কাজ ফের শুরু করেছে। প্রাথমিকভাবে রাজধানীর কর অঞ্চল-৬ এ শুরু হয়েছে কার্যক্রম। রোববার এই কার্যক্রম উদ্বোধন করা হয়। তবে আগামী বছরের মধ্যে দেশের সব কর অঞ্চলে এই সুবিধা চালু হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এর আগেও গত তিন বছর ধরে অনলাইনে রিটার্ন জমা দিতে পেরেছেন করদাতারা। ভিয়েতনামের এফপিটি ইনফরমেশন সিস্টেম করপোরেশনের একটি সফটওয়্যারে অনলাইনে রিটার্ন জমা দেয়া হতো। ওই কোম্পানির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত জুনে সেই সুবিধাটি বন্ধ হয়ে যায়।
নতুন করে অনলাইনে রিটার্ন জমা কার্যক্রমের উদ্বোধন করে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘টিআইএনধারীদের কাছে টাকা দেয়াটা কষ্টের বিষয় নয়। কিন্তু জমা দেয়াতে যত সমস্যা। এই সমস্যাটা দূর করতে আমরা সরাসরি অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সুযোগ দিতে একটি সফটওয়্যার তৈরি করেছি।
এই সফটওয়্যারের মাধ্যমে এখন থেকে ঢাকা কর অঞ্চল-৬ এর টিআইএনধারী করদাতারা সরাসরি অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।’ তিনি বলেন, ‘এই কর অঞ্চলে ১ লাখ ৩৫ হাজার করদাতা রয়েছেন। করোনাভাইরাস মহামারির সময়ে ঘরে বসে রির্টান জমা দিতে বড় ভূমিকা রাখবে এই কার্যক্রম।’ তবে এটিকে তিনি বিশাল অর্জন নয় বলেও মন্তব্য করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
