অবকাঠামোগত চরম সমস্যায় চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজ

চিলাহাটি (নীলফামারী) ঃ নীলফামারী জেলাধীন ডোমার উপজেলার চিলাহাটি গার্লস্ স্কুল এন্ড কলেজের অবকাঠামোগত সমস্যার কারণে শিক্ষার মান ব্যাহত হচ্ছে। ১৯৯৩-৯৪ অর্থ বছরে ফ্যাসিলিটিজ বিভাগ থেকে পর্যায়ক্রমে একটি দ্বিতল ভবন নির্মিত হয়। অদ্যাবধি আর কোন বিল্ডিং নির্মিত না হওয়ায় বর্তমানে চরম সমস্যার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, প্রতিষ্ঠানটি ১৯৬৯ সালে স্থাপিত হয়ে অত্র অঞ্চেেলর নারী শিক্ষার ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে। গত ২০১০ সালে উচ্চ মাধ্যমিক স্তর সংযোজিত হওয়ায় অত্রাঞ্চলের নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে স্কুল শাখায় ৬৪৯ জন এবং কলেজ শাখায় ৩৮৯জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। মোট ১০৩৮ জন শিক্ষার্থীর জন্য যে পরিমাণ কক্ষের প্রয়োজন তার অর্ধেকও নেই। উপরন্তু পূর্বে নির্মিত টিন শেড বিল্ডিংগুলি ব্যবহারের অযোগ্য হলেও সেখানেই বেড়া দিয়ে ছোট ছোট কক্ষ তৈরি করে এবং বড় কক্ষগুলিকে ভাগ করে গাদাগাদি করে পাঠদান করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির পাবলিক পরীক্ষার ফলাফল গত পাঁচ বছরের গড় জেএসসি পর্যায়ে ৯৭%, এস.এস.সি পর্যায়ে ৯৬% এবং কলেজ পর্যায়ে ৭৫%। এ ব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে কথা বলে জানা যায় যে, বিগত ৬/৭ বছর থেকে তিনি উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে আসছেন কিন্তু প্রাপ্তির খাতা শুণ্যই রয়ে গেছে। কক্ষের অভাবে তিনি ল্যাবরেটরী, লাইব্রেরী, কমনরুম, নামাজের কক্ষ কোন কিছুই করতে পারছেন না।

অধ্যক্ষ মহোদয় আরো জানান যে, শিক্ষার্থীদের শিক্ষার ভাল পরিবেশ ফিরিয়ে আনার জন্য কয়েক বছরে জমানো প্রতিষ্ঠানের অর্থ দিয়ে দুই কক্ষ বিশিষ্ট তিন তলা বিল্ডিং-এর ফাউন্ডেশন দেন কিন্তু অর্থের অভাবে নির্মাণ কাজ মুখ থুবরে পড়ে আছে। তাছাড়া বিদ্যমান পূরাতন টিনশেড বিল্ডিংগুলি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় প্রতিষ্ঠান চলাকালীন তিনি উৎকন্ঠায় থাকেন। প্রতিষ্ঠানটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে তিনি উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.