এইমাত্র পাওয়া

গুগল, মাইক্রোসফটে দুই বাংলাদেশী তরুণের চাকরি

বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল এবং বহুজাতিক সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটে চাকরি পেয়েছেন বাংলাদেশের দুই তরুণ। তারা দু’জনই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক শিক্ষার্থী।

নিয়োগপ্রাপ্তরা হলেন- চুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৭ সালের ব্যাচের শিক্ষার্থী আক্কাস উদ্দীন জিসান এবং একই বিভাগের ২০০৯ সালের ব্যাচের শিক্ষার্থী তানভীর এইচ উদয়।

এর মধ্যে আক্কাস উদ্দীন জিসান গুগলে সম্প্রতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে এবং তানভীর উদয় মাইক্রোসফটে ফিনল্যান্ড অফিসে নিয়োগ পেয়েছেন। ই-মেইলের মাধ্যমে তাদের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে গুগল-মাইক্রোসফট।

এ ব্যাপারে তানভীর উদয় জানান, ফিনল্যান্ডে অবস্থিত মাইক্রোসফটের লেন্স ফ্যাক্টরিতে আমি নিয়োগ পেয়েছি। ইতোমধ্যে আমি কাজ শুরু করেছি।

সাফল্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ”মাইক্রোসফটের বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করতে করতে বড় হয়েছি। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিলো জায়ান্ট কোনো প্রতিষ্ঠানে কাজ করার। মাইক্রোসফটের পরিধি অনেক বড়। এখানে আমার মেধার পুরোটাই দেওয়া যাবে। আমি নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করবো, যাতে দেশের সুনাম অক্ষুন্ন রাখতে পারি। এজন্য আমি সবার কাছে দোয়া প্রার্থী।”

বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন এবং প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে নিয়োগ পাওয়ার অনুভুতি জানতে চাইলে আক্কাস উদ্দীন জিসান বলেন, বিশ্ববিদ্যালয় জীবন থেকে আমার একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্য পুরণে দেশে পড়াশোনা শেষে বিদেশি চলে আসি। এখানে পড়াশোনা করছি। গুগলে সারাবিশ্বের মানুষের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এখানে কাজ করা রোমাঞ্চকর। তবে চাপের একটি বিষয়টি রয়েছে। কারণ এখানে সব মেধাবীরাই নিয়োগ পান। পৃথিবীর বিভিন্ন দেশের মেধাবীদের সঙ্গে কাজ করতে হয়। তাই টিকে থাকার জন্য লড়াই করতে হবে। তবে আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।

সাবেক দুই শিক্ষার্থীর এমন সাফল্যে আনন্দিত চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা। চুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সানাউল রাব্বি বলেন, গত ২০ জুন এই দুইজনের চূড়ান্ত নিয়োগের খবর আমরা পেয়েছি। খুশির সংবাদ হচ্ছে তারা দুইজনই আমাদের বিভাগের সাবেক শিক্ষার্থী। এর আগে চুয়েটের একাধিক শিক্ষার্থী গুগলে চাকরি পেয়েছিল। সম্ভবত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে এই প্রথম দুইজন শিক্ষার্থী বিশ্বখ্যাত দুই প্রতিষ্ঠানে নিয়োগ পেল। এটি বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের সংবাদ।

ড. মো. সানাউল রাব্বি আরও বলেন, একসময় গুগল- মাইক্রোসফটে চাকরি পাওয়া ছিলো স্বপ্ন। তবে এখন প্রায়ই বাংলাদেশিরা গুগল- মাইক্রোসফটে নিয়োগ পাচ্ছেন। এটি দেশের জন্য ইতিবাচক। এর মাধ্যমে দেশের সক্ষমতা যেমন প্রমাণ হচ্ছে, পাশাপাশি দেশীয় বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনার মানের উন্নতি বিষয়টি উঠে আসছে।

নিয়োগের খবরের পর আক্কাস উদ্দীন জিসান ও তানভীর এইচ উদয়ের সঙ্গে যোগাযোগ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চুয়েটের জনসংযোগ কর্মকর্তা রাশেদ পারভেজ বলেন, নিয়োগ চূড়ান্ত হওয়ার পর আক্কাস উদ্দীন জিসান ও তানভীর এইচ উদয়ের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। নিজেদের সাফল্যের পেছনে বিশ্ববিদ্যালয়ের কৃতিত্বের কথা স্বরণ করেছেন, পাশাপাশি সবার কাছে দোয়া চেয়েছেন তারা।

এর আগে গত ২৬ নভেম্বর ইয়ামিন ইকবাল নামে চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগের ১৪ ব্যাচের এক শিক্ষার্থী গুগলে নিয়োগ পান। তিনি তাইওয়ানে গুগলের অফিস যোগ দিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.