এইমাত্র পাওয়া

স্কুলের অফিসকক্ষেই শিক্ষককে খুন, লাশ গুম

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্কুলের অফিসকক্ষে প্রি-ক্যাডেট স্কুলের এক শিক্ষককে হত্যার পর তার লাশ গুম করা হয়েছে। এই অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। তিনি গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) থেকে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ওই শিক্ষকের নাম সুলতানুজ্জামান হেলাল (৫০)। তিনি উপজেলার বানিয়াজান ইউনিয়নের বাউজান গ্রামের মৃত হাসান আলী মণ্ডলের ছেলে। তিনি ধনবাড়ী পৌরশহরের নলহরা (নল্যা) বাজারের আরএনজি প্রি-ক্যাডেট স্কুলটি পরিচালনা ও শিক্ষকতার সঙ্গে জড়িত ছিলেন।

পরিবারের অভিযোগের ভিত্তিতে হেলালকে উদ্ধারে নেমেছে ধনবাড়ী থানা পুলিশ। শনিবার এ প্রতিবেদন লেখার সময়ও হেলালের কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ।

হেলালের বড় ভাই আবু বকর সিদ্দিক জানান, বৃহস্পতিবার রাতে সুলতানুজ্জামান হেলাল ধনবাড়ী থেকে ফিরে নল্যা বাজারের জনৈক বিষ্ণুর সেলুনের সামনে মোটরবাইক রেখে পাশের একটি এলাকায় যান। কিন্তু এরপর থেকে আর তার খোঁজ মিলছে না।

তিনি আরো জানান, দীর্ঘ সময় ধরে হেলাল তার মোটরসাইকেল নিতে না আসায় বিষয়টি বাজারের লোকজনরা আমাদের জানায়। এ খবর শোনামাত্রই আমরা তাকে ফোন করলে তা শুধু বাজতেই থাকে।দুশ্চিন্তায় আমরা দ্রুত তার স্কুলে যাই। সেখানে অফিসকক্ষের মেঝেতে রক্তের দাগ দেখি। তার মোবাইল ফোনটি পড়েছিল অফিসকক্ষের মেঝেতে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে হেলালকে হত্যা করে গুম করা হয়েছে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে হেলালের শ্বশুর মজিবর রহমান থানায় জিডি করেছেন ।

ইতিমধ্যে হেলালের অফিসকক্ষ থেকে তার মোবাইল ফোন ও কিছু আলামত সংগ্রহ করা হয়েছে । এসব আলামতের সূত্র ধরে শিক্ষক হেলালকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.