এইমাত্র পাওয়া

মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে বিএমজিটিএ’র সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক।।

মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে বিএমজিটিএ’র সংবাদ সম্মেলন
আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ এবং জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)।

শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব-এর মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, শিক্ষা খাতে দীর্ঘদিনের অবহেলা দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে সংকটের মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষায় বৈষম্য, অবকাঠামোগত দুর্বলতা এবং শিক্ষকদের আর্থিক অনিশ্চয়তা শিক্ষার মানোন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ হারুন অর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাসচিব মোঃ ফিরোজ আলম।

সভাপতি হারুন অর রশিদ বলেন, “একটি জাতিকে এগিয়ে নিতে হলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় শিক্ষাকে। কিন্তু বাংলাদেশে এখনো শিক্ষা খাত প্রয়োজনের তুলনায় অপ্রতুল বরাদ্দ পাচ্ছে। এর ফলে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকছে। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও আধুনিক করতে হলে আলাদা গুরুত্ব দিতে হবে।”

তিনি আরও বলেন, “মাদ্রাসা শিক্ষার্থীদেরও আধুনিক বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার সক্ষমতা তৈরি করতে হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষ শিক্ষক নিয়োগ এবং গবেষণামুখী পাঠক্রম চালু না হলে এই খাত পিছিয়ে পড়বে। তাই আমরা জিডিপির ৫ শতাংশ এবং জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের জোর দাবি জানাচ্ছি।”

মহাসচিব ফিরোজ আলম বলেন, “শিক্ষকদের ন্যায্য মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। বিশেষ করে মাদ্রাসা শিক্ষকদের বেতন-বৈষম্য, পদোন্নতির জটিলতা ও অবসর সুবিধার সীমাবদ্ধতা দ্রুত সমাধান করতে হবে।”

তিনি আরও বলেন, সরকার যদি সত্যিকার অর্থে স্মার্ট বাংলাদেশ গড়তে চায়, তাহলে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। কারণ দক্ষ মানবসম্পদ ছাড়া উন্নয়নের বড় বড় পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।”

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা আরও জানান, শিক্ষা খাতে কাঙ্ক্ষিত বরাদ্দ নিশ্চিত না হলে ভবিষ্যতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। একইসঙ্গে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ বৃদ্ধি এবং বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

এসময় বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা /এ/১৫ /০৫/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.