নিজস্ব প্রতিবেদক।।
দেশের বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ খাতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের অভিন্ন দাবি-দাওয়া ও পেশাগত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে “বাংলাদেশ পাওয়ার সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন”-এর ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রকৌশলী মো. মীর হোসেন পাটোয়ারীকে আহ্বায়ক এবং প্রকৌশলী মো. রেজাউল করিমকে সদস্য সচিব করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে অনুষ্ঠিত এক যৌথ সভা থেকে এ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলী এ কে এম মোরশেদুল আলম এবং সঞ্চালনা করেন পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি পিএলসি)-এর উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম।
সভায় দেশের বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), নর্দান ইলেকট্রিক কোম্পানি লিমিটেড (নেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো), আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিজেসিএল), ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি), নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি), পল্লী বিদ্যুৎ সমিতি (পিবিএস), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিএল) এবং বিআর পাওয়ার জেনারেশন লিমিটেডসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—প্রকৌশলী এ এস এম রেজ্জাকুল হায়দার (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), প্রকৌশলী মো. আমিনুল ইসলাম (সিনিয়র যুগ্ম সদস্য সচিব) এবং প্রকৌশলী মো. ওবায়দুল আলম (সাংগঠনিক সদস্য)।
সভা সূত্রে জানা যায়, এই ফেডারেশন দেশের বিদ্যুৎ খাতে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের পেশাগত বৈষম্য, পদোন্নতি জটিলতা, কাঠামোগত অসামঞ্জস্য ও কর্মপরিবেশ সংক্রান্ত সমস্যাগুলোর সমাধানে সমন্বিতভাবে কাজ করবে। পাশাপাশি বিদ্যুৎ খাতে বিদ্যমান অনিয়ম, অস্থিরতা ও ব্যবস্থাপনাগত দুর্বলতা দূরীকরণেও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ এবং সকল অংশীজনের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে।
সংগঠনের নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের বিদ্যুৎ খাতের টেকসই উন্নয়নেও ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
