মলম পার্টি’র কবলে পড়ে শিক্ষক আনিছুর হাসপাতালে

ঢাকা: গতকাল শনিবার আনুমানিক সন্ধ্যা ৭ টার সময় রাজধানীতে চলাচলরত একটি বাসে ‘মলম পার্টি’র শিকার হয়েছেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সৈয়দ আনিছুর রহমান। ঘটনার পর তিনি অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাসে ওঠার কিছুক্ষণ পরই অজ্ঞাতপরিচয় একটি প্রতারক চক্র কৌশলে তার শরীরে মলমজাতীয় পদার্থ প্রয়োগ করে। এর কিছুক্ষণের মধ্যেই তিনি অস্বাভাবিক আচরণ করতে থাকেন এবং এক পর্যায়ে জ্ঞান হারিয়ে বাসের ভেতর অচেতন অবস্থায় পড়ে যান।
পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে বাসচালক দ্রুত নিকটস্থ থানার সঙ্গে যোগাযোগ করেন। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল-এ ভর্তি করা হয়। হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগে তার প্রাথমিক চিকিৎসা শুরু করেন চিকিৎসক ও নার্সরা।

হাসপাতালে অবস্থানকালে সহকর্মীরা খবর পেয়ে সেখানে ছুটে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। দায়িত্বরত চিকিৎসকরা জানান, রোগীর অবস্থা বর্তমানে শঙ্কামুক্ত। তবে পুরোপুরি জ্ঞান ফিরে পেতে কিছুটা সময় লাগতে পারে বলে তারা উল্লেখ করেন।

বর্তমানে তিনি হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীতে ‘মলম পার্টি’ নামে পরিচিত প্রতারক চক্র দীর্ঘদিন ধরে যাত্রীদের টার্গেট করে অচেতন করে সর্বস্ব লুটে নেওয়ার ঘটনা ঘটিয়ে আসছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে নগরবাসীর মধ্যে উদ্বেগও বাড়ছে।

শিক্ষাবার্তা /এ/ ০৪/০৫/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.