এইমাত্র পাওয়া

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত হচ্ছে আজ

নিউজ ডেস্ক।। 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদিসহ আরও কয়েকটি বিষয় নিয়ে সভা ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। সে ক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল চূড়ান্ত হতে পারে আজ।

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে ১১তম কমিশন সভা হবে। সম্প্রতি ইসির উপসচিব মো. শাহ আলম সই করা এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে।

চিঠি থেকে জানা যায়, এবারের কমিশন সভায় মোট পাঁচটি আলোচ্যসূচি রাখা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন এবং প্রাসঙ্গিক বিষয়াদি; ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত নির্বাচনিসামগ্রী সংরক্ষণ বিষয়ে রিটানিং অফিসারদের নির্দেশনা দেওয়ার বিষয়ে অবহিত করা; আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদের দুটি আসনের বিষয়ে অবহিত করা; নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন পূর্ববর্তী কিছু গুরুত্বপূর্ণ মামলা এবং নির্বাচন পরবর্তী সময়ে দায়ের করা নির্বাচনি দরখাস্ত বিষয়ে কমিশনকে অবহিত করা এবং নির্বাচনি দায়িত্ব পালনকালে আহত ও নিহতদের ক্ষতিপূরণ বিষয়ে ইতোপূর্বে প্রণীত নীতিমালা বিষয়ে কমিশনকে অবহিত করা। এছাড়া বিবিধ বিষয় নিয়েও সভায় আলোচনা হবে।

বুধবার (১ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের নির্বাচন কবে হবে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, ৬ এপ্রিল আমরা কমিশন সভা করবো। ওই দিনই সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল, তারিখ ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে।

তিনি আরও বলেন, পার্লামেন্ট থেকে দলগুলোর হিসাব চলে এসেছে। এখন আমরা শিডিউল দিলেই দলগুলো তাদের প্রার্থীদের মনোনয়ন দিয়ে দেবো। সে অনুযায়ী, রিটার্নিং অফিসাররা বাকি কাজ করবেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.