এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

নিউজ ডেস্ক।। 

বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

শুক্রবার (১৩ মার্চ) এনটিআরসিএর ওয়েবসাইটে প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার এবং সহকারী সুপার পদের নিয়োগ পরীক্ষার বিস্তারিত সিলেবাস প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৮ এপ্রিল এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও মানসম্মত করতে এই সিলেবাস প্রণয়ন করা হয়েছে।

প্রকাশিত সিলেবাস অনুযায়ী, পরীক্ষা মোট ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে ১০ নম্বর করে মোট ৩০ নম্বর বরাদ্দ রয়েছে। এছাড়া মানসিক দক্ষতা ও সাধারণ জ্ঞানে ১০ নম্বর, প্রশাসনিক ব্যবস্থাপনায় ১০ নম্বর, আর্থিক ব্যবস্থাপনায় ১০ নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষা ব্যবস্থাপনায় ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে।

এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি অধিদফতরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্ন পদের মোট শূন্যপদ রয়েছে ১৩ হাজার ৫৯৯টি।

এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। কারিগরি শিক্ষা অধিদফতরে শূন্য পদ ১৪০টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদফতরে রয়েছে ৩ হাজার ১৩১টি শূন্য পদ। তিন অধিদফতর মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯৯টি।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.