কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা শাখা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস)–এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-কর্মচারীদের কল্যাণ, অবসর সুবিধা এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে এ অনুষ্ঠানে আলোচনা করা হয়।
বুধবার (১১ মার্চ) কুষ্টিয়া শহরের রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষক নেতৃবৃন্দ ও শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকশিস কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মো. নওয়াব আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেসরকারি কলেজের শিক্ষকরা দীর্ঘদিন ধরে নানা সমস্যা ও বঞ্চনার মধ্যে রয়েছেন। বিশেষ করে অবসর ও কল্যাণ তহবিলের অর্থ পেতে শিক্ষকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ এইচ এম সায়েদুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষক সমাজের কল্যাণে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া শিক্ষক সমাজের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে সবসময় আন্তরিক। শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা—এসব বিষয় নিয়ে তিনি নিয়মিত চিন্তা করেন এবং সংশ্লিষ্ট মহলে তা তুলে ধরেন।
এ এইচ এম সায়েদুজ্জামান বলেন, “অধ্যক্ষ সেলিম ভুঁইয়া শিক্ষকদের যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তাঁর নেতৃত্বে শিক্ষক সমাজের কল্যাণে আরও অনেক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।”
তিনি আরও বলেন, শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ থাকলে তাদের ন্যায্য দাবি আদায় করা সহজ হবে। এজন্য সবাইকে অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সংগঠনের পতাকার নিচে থেকে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসারও আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজের মর্যাদা ও অধিকার রক্ষায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও শিক্ষকরা একসঙ্গে ইফতারে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপক আব্দুল মান্নান বাদশা।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, কলেজ শিক্ষক সমিতির নেতা অধ্যক্ষ বকুল, শিক্ষক নেতা সেলিম, শিক্ষক নেতা ঝন্টুসহ জেলার বিভিন্ন উপজেলার কলেজ শিক্ষক ও সংগঠনের নেতৃবৃন্দ।
রমজানের এ আয়োজনে শিক্ষক সমাজের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
