নিজস্ব প্রতিবেদক।।
আজ ১ মার্চ। স্বাধীনতার মাসের প্রথম দিন। এই মাসেই বাঙালির দীর্ঘ আন্দোলন-সংগ্রাম চূড়ান্ত রূপ নেয় সশস্ত্র মুক্তিযুদ্ধে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের যে ফুলকি বাঙালির হৃদয়ে জ্বলে উঠেছিল, তা ১৯৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর ঐতিহাসিক ছয় দফা এবং ৬৯-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এক প্রদীপ্ত শিখায় পরিণত হয়।
পরবর্তীতে, সেই সংগ্রামের চূড়ান্ত ধাপ হিসেবে আসে একাত্তরের মার্চ, যা বাঙালির জীবনে নিয়ে আসে স্বাধীনতার অমোঘ বার্তা।
১৯৭১ সালের ১ মার্চ দেশজুড়ে আন্দোলন ছিল তুঙ্গে। পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক বেতার ভাষণে ৩ মার্চের নির্ধারিত গণপরিষদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। তিনি যুক্তি দেন, একটি প্রধান দল পিপলস পার্টিসহ কয়েকটি দল অধিবেশনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত জানানোয় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘোষণাটি প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই ফুঁসে ওঠে ঢাকা। সে সময় তৎকালীন ঢাকা স্টেডিয়ামে (বর্তমান বঙ্গবন্ধু স্টেডিয়াম) পাকিস্তান বনাম বিশ্ব একাদশের ক্রিকেট ম্যাচ চলছিল। খবর পাওয়ামাত্র দর্শকরা খেলা ছেড়ে রাজপথে নেমে আসেন। পল্টন, গুলিস্তানসহ পুরো ঢাকা শহর মুহূর্তেই বিক্ষোভের নগরীতে পরিণত হয়। আন্দোলন আর দাবিতে সীমাবদ্ধ থাকেনি, রূপ নেয় স্বাধীনতার সংগ্রামে। এরপর টানা ২৫ দিনের উত্তাল সময় পার করে ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালায়। শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। এর আগে ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান-এ ঐতিহাসিক ভাষণে জাতিকে প্রস্তুত থাকার আহ্বান জানান শেখ মুজিবুর রহমান।
২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়লে শুরু হয় সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর এক সাগর রক্তের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
শিক্ষাবার্তা /এ/০১ /০৩/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
