নিজস্ব প্রতিবেদক।।
বিএনপি সরকারের গঠনের পর রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা—অ্যাটর্নি জেনারেল—পদে কে আসছেন, তা নিয়ে রাজনৈতিক ও আইন অঙ্গনে চলছে জোর আলোচনা। দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীদের মধ্য থেকে নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হতে পারে। আলোচনায় রয়েছেন মো. রুহুল কুদ্দুস কাজল এবং রাগিব রউফ চৌধুরী। তবে এ দু’জনের মধ্যে রাগিব রউফ চৌধুরীর নামই বেশি জোরালোভাবে উচ্চারিত হচ্ছে বলে জানা গেছে।
মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে পরামর্শ ও প্রাথমিক আলোচনা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবুও আইন অঙ্গনে ধারণা করা হচ্ছে, অভিজ্ঞতা, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য এবং পেশাগত দক্ষতার বিবেচনায় রাগিব রউফ চৌধুরী এগিয়ে থাকতে পারেন।
রাগিব রউফ চৌধুরীর পারিবারিক পটভূমিও আলোচনায় এসেছে। তাঁর পিতা, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুর রউফ চৌধুরী ছিলেন দেশের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। রাজনৈতিক সচেতনতা ও জনসেবার ঐতিহ্য পরিবার থেকেই তিনি অর্জন করেছেন বলে ঘনিষ্ঠজনরা মনে করেন।
শিক্ষাজীবনে রাগিব রউফ চৌধুরী ছিলেন মেধাবী ও অধ্যবসায়ী। তিনি কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে ভারতের ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন।
আইনের উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে দুটি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি লন্ডনের ঐতিহ্যবাহী লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি লাভ করেন।
সুপ্রিম কোর্টে দীর্ঘদিন আইন পেশায় যুক্ত থেকে তিনি সাংবিধানিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মামলায় দক্ষতার সঙ্গে সওয়াল করেছেন বলে সহকর্মীরা জানান। আইন ও সংবিধান বিষয়ে তাঁর সুস্পষ্ট অবস্থান এবং আদালতে যুক্তিতর্ক উপস্থাপনের দক্ষতা তাঁকে অ্যাটর্নি জেনারেল পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এগিয়ে রেখেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এদিকে, আইনজীবী সমাজ ও রাজনৈতিক অঙ্গনে এখন নজর সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। কে হচ্ছেন দেশের নতুন অ্যাটর্নি জেনারেল—তা জানতে অপেক্ষা আর বেশি দিনের নয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল