এইমাত্র পাওয়া

অধ্যক্ষ সেলিম ভুইঁয়ার নেতৃত্বে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক

নিজস্ব প্রতিবেদক।। 

আ ন ম এহসানুল হক মিলন-এর সঙ্গে শিক্ষক নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ সেলিম ভুইঁয়ার নেতৃত্বে ১০১ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে এ বৈঠকে অংশ নেয়। সভায় শিক্ষার সামগ্রিক উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় নেতৃত্ব দেন শিক্ষানুরাগী সংগঠক অধ্যক্ষ সেলিম ভুইঁয়া। তিনি বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং যুগোপযোগী কারিকুলাম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

তিনি আরও বলেন, “শিক্ষকই জাতির নির্মাতা। শিক্ষকের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়।” এমপিওভুক্ত ও নন-এমপিও শিক্ষকদের বৈষম্য দূরীকরণ, নিয়মিত প্রশিক্ষণ ব্যবস্থা চালু, ডিজিটাল শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ এবং পদোন্নতি ও মূল্যায়ন প্রক্রিয়া স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি উৎসব ভাতা ও বেতন বৃদ্ধি নিয়েও আলোচনা হয়।

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেন, সরকার ইতোমধ্যে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি শিক্ষকদের যৌক্তিক দাবি-দাওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাবের আশ্বাস দেন। আলোচনায় উত্থাপিত বিষয়গুলো নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

মতবিনিময় সভায় যেসব প্রস্তাব উত্থাপন করা হয়, সেগুলোর মধ্যে ছিল—
© শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি
© শিক্ষকদের বেতন কাঠামো পুনর্বিন্যাস
© প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ
© গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়ন

© শতভাগ উৎসব ভাতা 

© চাকুরী জাতীয়করণ 
সভায় সংগঠনের শিক্ষক প্রতিনিধি, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১০১ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে প্রফেসর মাইন উদ্দিন আহমেদ, হাওলাদার আবুল কালাম আজাদ, প্রিন্সিপাল সেলিম মিয়া, নাজমা হোসেন লাকি, আব্দুল জব্বার জয়, প্রফেসর বদরুল ইসলাম, মনিরুল হক, শাহনাজাত তার পপি, মাওলানা দেলোয়ার হোসেন, অধ্যপিকা রোকেয়া  চৌধুরী বেবিসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই মতবিনিময়ের মাধ্যমে শিক্ষাব্যবস্থার চলমান সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং শিক্ষকদের মর্যাদা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.