এইমাত্র পাওয়া

লক্ষ্মীপুরে বিএনপির সংরক্ষিত আসনে রোকেয়া বেবীর সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির এই বড় জয়ের পর এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সংরক্ষিত নারী আসনগুলো। দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নারী নেত্রীদের মধ্য থেকে কারা সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাবেন—তা নিয়ে চলছে জোর আলোচনা।

এমন প্রেক্ষাপটে লক্ষ্মীপুর জেলার রাজনীতিতে আলোচনায় উঠে এসেছে মহিলা দলের নেত্রী অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবীর নাম। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সংগঠন পরিচালনায় অভিজ্ঞতা এবং শিক্ষা অঙ্গনে সক্রিয় ভূমিকার কারণে তিনি সংরক্ষিত নারী আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী শিক্ষাবার্তাকে বলেন, “আমরা দীর্ঘ ১৮ বছর রাজপথে ছিলাম, দলের জন্য কাজ করেছি। হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছি। আশা করি, দলের চেয়ারম্যান আমাদের মূল্যায়ন করবেন।”

তিনি আরও বলেন, “৯০-এর দশকে বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিতে ছিলাম। সেই থেকে দলের সঙ্গে আছি। পরে মহিলা দলের মহানগর ও কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করেছি।”

শিক্ষা অঙ্গনেও রয়েছে তার সক্রিয় উপস্থিতি। তিনি বর্তমানে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-এর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষক সমাজের দাবি-দাওয়া ও শিক্ষানীতি বিষয়ক আন্দোলনে তার সম্পৃক্ততা তাকে একটি গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ এইচ এম সায়েদুজ্জামান বলেন, “অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী একজন ত্যাগী, পরীক্ষিত ও সাহসী নেত্রী। শিক্ষা ও রাজনীতি—দুই অঙ্গনেই তার অভিজ্ঞতা রয়েছে। সংরক্ষিত নারী আসনে তাকে মনোনয়ন দিলে শিক্ষক সমাজ যেমন সম্মানিত হবে, তেমনি দলও একজন যোগ্য প্রতিনিধিকে পাবে।”

লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের রাজনৈতিক নেতারাও তার পক্ষে ইতিবাচক মতামত দিচ্ছেন। রায়পুর উপজেলার বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু বলেন, “দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচিতে বেবী আপা সক্রিয় ছিলেন। কঠিন সময়ে তিনি মাঠে ছিলেন। এমন নেত্রীদের মূল্যায়ন করা উচিত।”

রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন বলেন, “দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদেরই এবার সামনে আনার সময়। বেবী আপা সংগঠনে নিবেদিতপ্রাণ। সংরক্ষিত নারী আসনে তাকে মনোনয়ন দিলে লক্ষ্মীপুরের কর্মীরা অনুপ্রাণিত হবেন।”

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, “সংরক্ষিত নারী আসনে এমন একজন প্রার্থী প্রয়োজন, যিনি সংসদে গিয়ে নারীর অধিকার, শিক্ষা ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে দৃঢ় ভূমিকা রাখতে পারবেন। অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবীর অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা তাকে যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করছে।”

লক্ষ্মীপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি শিরীন আক্তার বলেন, “মহিলা দলের রাজনীতিতে বেবী আপা সবসময়ই কর্মীদের পাশে ছিলেন। তিনি সাংগঠনিকভাবে দক্ষ এবং ত্যাগী নেত্রী। আমরা চাই, সংরক্ষিত নারী আসনে তাকে মনোনয়ন দেওয়া হোক।”

জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন মেম্বার বলেন, “দলের জন্য নিরলস পরিশ্রম করেছেন বেবী আপা। কর্মীদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক রয়েছে। কেন্দ্র যদি ত্যাগ ও অভিজ্ঞতার মূল্যায়ন করে, তাহলে তার নাম বিবেচনায় আসবেই।”

স্থানীয় সাধারণ মানুষের মধ্যেও রয়েছে প্রত্যাশা। রায়পুর উপজেলার কয়েকজন ব্যবসায়ী ও শিক্ষাবিদ মত দেন, সংরক্ষিত নারী আসনে এমন কাউকে মনোনয়ন দেওয়া উচিত, যিনি এলাকার উন্নয়ন, নারী শিক্ষা বিস্তার এবং সামাজিক ন্যায্যতার প্রশ্নে কাজ করবেন। তাদের মতে, অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবী শিক্ষা অঙ্গনের মানুষ হওয়ায় সংসদে গিয়ে শিক্ষা খাতের বাস্তব চিত্র তুলে ধরতে সক্ষম হবেন।

বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি যেহেতু এবার বিপুল সমর্থন নিয়ে সরকার গঠন করেছে, তাই দলটি সংরক্ষিত নারী আসনে ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দিতে পারে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, শিক্ষা ক্ষেত্রে সক্রিয়তা এবং স্থানীয় পর্যায়ে গ্রহণযোগ্যতার সমন্বয়—এই তিনটি কারণে অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবীর নাম আলোচনায় এগিয়ে রয়েছে।

 সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলীয় উচ্চপর্যায়ের নেতৃত্ব। তবে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন স্তরে যে সমর্থন ও প্রত্যাশার কথা উঠে আসছে, তা অধ্যাপিকা রোকেয়া চৌধুরী বেবীকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। এখন দেখার বিষয়, দলের চূড়ান্ত সিদ্ধান্তে তার রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক অভিজ্ঞতা ও শিক্ষা অঙ্গনে অবদান কতটা গুরুত্ব পায়।

শিক্ষাবার্তা /এ/১৯/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.