এইমাত্র পাওয়া

পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে নতুন সরকার

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষার্থীদের পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে নতুন সরকার। শিক্ষা মন্ত্রণালয় ঈদুল ফিতরের পর এ কাজের রোডম্যাপ প্রকাশ করবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ববি হাজ্জাজ বলেন, আজ আমরা দিকনির্দেশনা দিলাম। বাস্তবায়নের জন্য তিন ধাপের টাইমলাইন নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপ চলবে এখন থেকে ঈদুল ফিতর পর্যন্ত। এই সময়ে ‘বাজেট ও প্রকল্প বাস্তবায়নের ডায়াগনস্টিক রিভিউ’, ‘উন্নয়ন বাজেটের ৫৩ শতাংশ ফেরত যাওয়ার কারণভিত্তিক রুট-কজ অ্যানালাইসিস’, এবং ‘শিক্ষকদের ট্যাব প্রদান, মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ভাষা শিক্ষার পাইলট ডিজাইন’ করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, দ্বিতীয় ধাপ শুরু হবে ঈদুল ফিতরের পর। এই ধাপে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্মতি নিয়ে জাতীয় শিক্ষা রোডম্যাপ ঘোষণা করা হবে। এটি মন্ত্রণালয়ভিত্তিক, বিভাগভিত্তিক এবং পরিমাপযোগ্য সূচকসহ প্রণীত হবে।

তৃতীয় ধাপটি হবে ১২ থেকে ৩৬ মাসের, অর্থাৎ এক থেকে তিন বছরের মধ্যে। এই ধাপে পরীক্ষা ও মূল্যায়নে বড় প্রযুক্তিগত পরিবর্তন আনা হবে। এছাড়া কারিগরি, সাধারণ ও মাদরাসা শিক্ষায় সেতুবন্ধন (ব্রিজিং) করা হবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উদ্ভাবনী (ইনোভেশন) গ্র্যান্ট বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

শিক্ষাবার্তা /এ/১৯/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.