নিজস্ব প্রতিবেদক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি এবং নির্বাচন-পরবর্তী বিভিন্ন সহিংসতার অভিযোগ তুলে ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আগামীকাল সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। রবিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করার পর এ কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় জোটের নেতারা।
দুপুর ১২টার দিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নির্বাচন কমিশনে ওই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হচ্ছে এবং এ বিষয়ে তারা কমিশনকে জানিয়েছেন। তিনি জানান, এসব হামলার প্রতিবাদে সোমবার ঢাকার বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করবে ১১ দলীয় জোট। নির্বাচনে ভয়-ভীতি ছড়ানোর কারণে ভোট কম পড়েছে বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, ভোট গণনার সময় ১১ দলের এজেন্টকে জোর করে বের করে দেওয়া হয়েছে কোথাও কোথাও। হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা যারা একসাথে নির্বাচন করেছি, তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে, স্থানীয়ভাবেও বলা হয়েছে। কিন্তু এর কোনো পদক্ষেপ আমরা সন্তোষজনকভাবে পাই নাই। ’
শিক্ষাবার্তা /এ/১৫ /০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
