নিজস্ব প্রতিবেদক।।
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ৯০ জন সহকারী শিক্ষককে বদলি দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে এই বদলিকে ঘিরে গুরুতর অনিয়ম ও কোটি টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের তদবির ও অর্থের বিনিময়ে নিয়ম বহির্ভূতভাবে এসব বদলির অনুমোদন দেওয়া হয়েছে, যা নির্বাচনের পর সরকারি আদেশ আকারে জারি করা হবে।
অনুসন্ধানে জানা গেছে, এই বদলির পেছনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা ও পুরনো ‘বদলি বাণিজ্য’ সিন্ডিকেট সক্রিয়ভাবে কলকাঠি নেড়েছেন। নির্বাচনের তফশিল ঘোষণার পর বদলি কার্যক্রম নিষিদ্ধ থাকলেও লোকচক্ষুর আড়ালে নির্বাহী ক্ষমতা ব্যবহার করে এসব বদলি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ।
এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বাইরে থেকে ঢাকায় বদলি আইনত নিষিদ্ধ হলেও সরকারের উচ্চ পর্যায় থেকে একাধিক বদলির তদবির রয়েছে বলে দৈনিক আমাদের বার্তা–র অনুসন্ধানে উঠে এসেছে।
টাকার বিনিময়ে বদলির অভিযোগ প্রসঙ্গে শিক্ষাবিদ ও প্রাথমিক শিক্ষা গবেষক মো. সিদ্দিকুর রহমান বলেন,
“নির্বাচনের তফশিল ঘোষণার পর বদলি নিষিদ্ধ। জরুরি প্রয়োজন হলে নির্বাচন কমিশনের অনুমোদন থাকতে হয়। প্রাথমিকের বদলি এমনিতেই ‘সোনার হরিণ’। যদি নির্বাচনের ঠিক আগে অর্থের বিনিময়ে বদলির ফাইল অনুমোদনের অভিযোগ সত্য হয়, তাহলে তা খুবই দুর্ভাগ্যজনক এবং এসব বদলি বাতিল করা উচিত।”
অনুসন্ধানে যেসব বদলির তথ্য পাওয়া গেছে তার মধ্যে রয়েছে—
বরিশালের হিজলা উপজেলার টুমলক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তানজীন তামান্নাকে ঢাকার মোহাম্মদপুর থানার আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি। এ ক্ষেত্রে সরকারের এক উচ্চপর্যায়ের কর্মকর্তার রেফারেন্স ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়া সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেবেকা সুলতানাকে খুলনার মোল্লাপাড়া বিদ্যালয়ে বদলি, মিরপুর পীরেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগমনী মালাকারকে আগারগাঁও তালতলা বিদ্যালয়ে সংযুক্তি, চট্টগ্রামের রাউজান থেকে মনীষা খাস্তগীরকে অন্দরকিল্লা এলাকায় বদলি, ঢাকার রমনার একটি বিদ্যালয় থেকে সাদিয়া নূরকে খিলগাঁওয়ে বদলি এবং সিরাজগঞ্জ থেকে মো. নুরুল আলমকে টাঙ্গাইলের দেলদুয়ারে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে জাকিয়া সুলতানাকে জেলা সদরে বদলি, মুন্সীগঞ্জের লৌহজংয়ের হরুন নেছাকে উত্তর বাড্ডার একটি বিদ্যালয়ে, কুমিল্লার কুসুম কলিকে ঢাকার মোহাম্মদপুরে সংযুক্তি, পঞ্চগড়ের আফসানা পারভীনকে দিনাজপুরে বদলি এবং বগুড়ার ধুনট উপজেলার (বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টে সংযুক্ত) সারিয়া বাশার মিমকে স্থায়ীভাবে ঢাকা ক্যান্টনমেন্টে বদলি করার তথ্য পাওয়া গেছে।
মন্ত্রণালয় সূত্র বলছে, একসঙ্গে এত সংখ্যক শিক্ষককে নির্বাহী বদলিতে স্থানান্তরের উদ্যোগ বদলিপ্রত্যাশী শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করবে। কারণ বহু শিক্ষক দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকা দিয়েও পছন্দের কর্মস্থলে বদলি পেতে ব্যর্থ হচ্ছেন।
বদলির আদেশ সাধারণত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জারি হলেও এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান দাবি করেন, তিনি এসব বদলির বিষয়ে কিছুই জানেন না।
এদিকে অনলাইন বদলি নির্দেশনা থাকা সত্ত্বেও দেশের হাজারো শিক্ষক এখনো নতুন কর্মস্থলে যোগ দিতে পারছেন না। তথ্য অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে অনলাইনের মাধ্যমে জারি হওয়া প্রতিস্থাপন শর্তযুক্ত হাজারো বদলি আদেশ বাস্তবায়ন হয়নি। শুধু সিরাজগঞ্জের কাজিপুর উপজেলাতেই প্রায় ৬০ জন শিক্ষক এই সমস্যায় আটকে আছেন। হবিগঞ্জে ৪৬ জনের মধ্যে ২১ জন, সিলেটে ৬৪ জনের মধ্যে ২৫ জন, মৌলভীবাজারে ৬০ জনের মধ্যে ২২ জন, চট্টগ্রামে ৭৩ জনের মধ্যে ১১ জন, রংপুরে ৫৯ জনের মধ্যে ১৭ জন এবং ঠাকুরগাঁওয়ে ৫৯ জনের মধ্যে ১৭ জন শিক্ষক বদলির আদেশ পেয়েও যোগদান করতে পারেননি।
অনুসন্ধানে আরও জানা গেছে, নারায়ণগঞ্জ সদরের শারমিন আক্তারকে ঢাকার গুলশানের একটি বিদ্যালয়ে বদলি, মিরপুরে সংযুক্ত ফারজানা সুলতানাকে ধউর বিদ্যালয়ে বদলি, কেরানীগঞ্জের তাহমীনা আলীকে ডেমরার একটি বিদ্যালয়ে সংযুক্তি এবং গাজীপুরের ফারজানা নাসরীনকে গুলশান-দক্ষিণখানের একটি বিদ্যালয়ে সংযুক্তির অনুমোদন দেওয়া হচ্ছে।
এছাড়া পটুয়াখালী থেকে মোসা. আফসানা পিংকিকে বরিশালে, নাটোরের বড়াইগ্রাম থেকে জোবায়দা খাতুনকে সদরে এবং জামালপুরের সালমা আক্তারকে ঢাকার মোহাম্মদপুরের একটি বিদ্যালয়ে সংযুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান চন্দ্র রায় পোদ্দার কোনো মন্তব্য করতে অস্বীকার করেন।
শিক্ষাবার্তা /এ/ ০৯/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল