এইমাত্র পাওয়া

খালেদা জিয়ার মৃ-ত্যুতে জাবিতে তিন দিনের পরীক্ষা স্থগিত

ঢাকাঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন দিনের সব পরীক্ষা স্থগিত করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। একইসঙ্গে তাঁর জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আগামী ১ থেকে ৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে।

এর মধ্যে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ) ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং উইকেন্ড (Weekend) কর্মসূচিসহ সব পরীক্ষা অন্তর্ভুক্ত। ১ জানুয়ারি থেকে স্থগিত হওয়া প্রথম বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাগুলো আগামী ৭ জানুয়ারি (নতুন বছর) অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে আরো জানানো হয়, আগামী ১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের অংশীজন অংশ নেবেন।

এছাড়া ২ জানুয়ারি (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ও সব কমিউনিটি মসজিদে পবিত্র কোরআন খতম এবং বাদ জুমা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, দেশের তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানকে স্মরণ করতেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩১/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading