ঢাকাঃ আগামী ২ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা আবেদনকারীদের নিজ নিজ জেলায় গ্রহণ করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। সে হিসাবে প্রতিটি পদের জন্য গড়ে প্রতিযোগিতা করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী।
অধিদপ্তরের তথ্যমতে, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে আবেদন পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।
পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। নারী ও পুরুষ প্রার্থীদের আলাদাভাবে তল্লাশি করা হবে এবং প্রয়োজনে হ্যান্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে।
ব্লুটুথ বা ইলেকট্রনিক ডিভাইস শনাক্তের জন্য উভয় কান খোলা রাখতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর, যে কোনো ধরনের ঘড়ি ও ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সঙ্গে পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রার্থীদের কালো বলপয়েন্ট কলম দিয়ে ওএমআর শিট পূরণ করতে হবে। পেনসিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল হবে। পরীক্ষা শেষে প্রশ্নপত্র ও উত্তরপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।
সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। ভুয়া পরীক্ষার্থী বা অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৮/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
