এইমাত্র পাওয়া

জাতীয় নির্বাচনে ভোটের সময় বাড়ল এক ঘণ্টা

ঢাকাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

রোববার (৭ ডিসেম্বর) তফসিল, গণভোটসহ বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

পূর্ববর্তী জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতো সকাল ৮টায় এবং শেষ হতো বিকেল ৪টায়। নতুন সিদ্ধান্তে এবার ভোটারদের জন্য সময় বাড়ল এক ঘণ্টা।

সানাউল্লাহ জানান, চলতি সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ জন্য সোমবার বিটিভিকে তফসিল রেকর্ডিংয়ের বিষয়ে চিঠি পাঠানো হবে। তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি পর্যবেক্ষণে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হবে। এছাড়া ভোটের আগের রাতেই ব্যালট পেপার ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

নির্বাচনী দায়িত্বে সরকারি, আধা-সরকারি ও সরকারি ব্যাংকের কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জানান নির্বাচন কমিশনার। তবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের এই নির্বাচনে দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

তিনি আরও জানান, ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, তবে ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে। তফসিল ঘোষণার পর উপদেষ্টা পরিষদ নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না, এবং পরিষদের কোনো সদস্য নিজ পদে বহাল থেকে ভোট করতে পারবেন না।

নির্বাচনী পোস্টার বিষয়ে সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব পোস্টার সরাতে হবে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানো সোমবার থেকে শুরু হয়েছে বলেও জানান তিনি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading