file picture

জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা

নিজস্ব প্রতিবেদক।।

ব্রাজিলের বেলেম শহরে জাতিসংঘ কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রধান প্রবেশপথ অবরোধ করেছে আদিবাসী বিক্ষোভকারীরা। অবরোধ কর্মসূচিতে প্রায় ৬০ জন বিক্ষোভকারী অংশ নেন। তাদের অধিকাংশ ঐতিহ্যবাহী পোশাক ও মাথার অলংকার পরিহিত ছিলেন। তারা প্রধান প্রবেশপথ এবং সংলগ্ন একটি সড়ক অবরোধ করেন বলে ঘটনাস্থলে উপস্থিত এএফপি সাংবাদিকরা জানিয়েছেন।

জাতিসংঘের জলবায়ু আলোচনায় অংশগ্রহণকারীর সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে। তাদেরকে সৈন্যদের তত্ত্বাবধানে থাকা একটি চেকপয়েন্ট অতিক্রম করে পাশের প্রবেশপথ দিয়ে প্রবেশ করতে বলা হয়। জাতিসংঘের জলবায়ু সংস্থা অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বার্তায় জানায়, এই ‘শান্তিপূর্ণ বিক্ষোভে কোনো ঝুঁকি নেই’।

আমাজন অঞ্চলে বৃহৎ অবকাঠামো প্রকল্পের বিরুদ্ধে মুণ্ডুরুকু আদিবাসীর এক বিক্ষোভকারীর হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ‘আমাদের ভূমির জন্য লড়াই মানে আমাদের জীবনের জন্য লড়াই’। বিক্ষোভকারীরা ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকের দাবি জানান। তিনি আমাজন সীমান্তবর্তী বেলেমে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ জলবায়ু আলোচনায় সভাপতিত্ব করেন।

বৃহস্পতিবার ব্রাজিল কপ৩০-এর নিরাপত্তা ব্যবস্থা রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়। তবে সপ্তাহের শুরুর দিকে আদিবাসী উপজাতির সদস্যদের একটি পৃথক বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

গত মঙ্গলবার সন্ধ্যায় আদিবাসী বিক্ষোভকারী ও তাদের সমর্থকরা আলোচনার স্থান দখল করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন—যা জাতিসংঘের জলবায়ু সম্মেলনে খুব কমই দেখা যায়।

বৃহস্পতিবার কপ৩০-এর সভাপতি আন্দ্রে কোরেয়া দো লাগো বেলেমে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে বলেন, ‘কোনো প্রয়োজন নেই, এটি আসলেই একটি ছোটখাটো ঘটনা ছিল।’

শিক্ষাবার্তা /এ/১৫/১১/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading