রাজশাহীঃ রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত বিক্ষোভ সমাবেশে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক সুরক্ষায় ৩৮ দফা দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। আজ শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়।
বক্তারা ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকর করা; অবিলম্বে স্বাধীন ও কার্যকর তথ্য কমিশন গঠন; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রেডিও, সংবাদ সংস্থা, অনলাইন ও মাল্টিমিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন এবং সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারের দাবি জানান।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আবদুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সাবেক সভাপতি ও দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, আরইউজের সহ-সভাপতি মঈন উদ্দিন, সাবেক সহ-সভাপতি আবদুস সবুর, এনটিভির রাজশাহী প্রতিনিধি শ ম সাজু, রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাড. রজব আলী, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, রাজশাহী সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ চৌধুরী আদিত্য, জ্যেষ্ঠ সাংবাদিক মো. আনিসুজ্জামান, বাংলাদেশ সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সাঈদ রনি, রাজশাহী মেডিক্যাল কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ডা. তারিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন আরইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক। সমাবেশে রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দাবি আদায়ে প্রয়োজনে আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।
বক্তারা বলেন, ‘আমরা এমন একটি সংবাদমাধ্যম চাই, যেখানে একজন সাংবাদিক কোনো পক্ষের চাপ ছাড়াই ঘটনার গভীরে গিয়ে সত্য তুলে ধরতে পারবেন।
দীর্ঘদিন ধরে সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের কথা বলা হলেও তা কার্যকর করা হচ্ছে না। অধিকাংশ সংবাদমাধ্যমে নবম ওয়েজ বোর্ড কার্যকর হয়নি। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। তাই বর্তমান সরকারকে দ্রুত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
