এইমাত্র পাওয়া

শিক্ষা কোনো ব্যয় নয়, এটি হলো মানবসম্পদে বিনিয়োগ: শিক্ষা উপদেষ্টা

গাজীপুরঃ অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, তরুণ প্রজন্মকে কেবল চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্ভাবক, উদ্যোক্তা এবং নৈতিক নেতৃত্বে অনুপ্রাণিত হতে হবে, যাতে তারা দেশ ও জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আজ রোববার (২৬ অক্টোবর) গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৭তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. আবরার শিক্ষাকে ‘ব্যয় নয়, বরং শান্তি, সমৃদ্ধি ও মানবসম্পদে বিনিয়োগ’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার সমতা, মানোন্নয়ন ও ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা সংস্কার কার্যক্রম চালাচ্ছে। সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যা শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ, সৃজনশীল ও উদ্ভাবনী নাগরিক হিসেবে গড়ে তুলবে।

এ সময় তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্রদেরও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, “তোমাদের জন্য শিক্ষা একটি আমানত। এটি মানবকল্যাণে, নৈতিকতা ও উদ্ভাবনের পথে ব্যবহার করো। বিশ্বাস হোক তোমার দিকনির্দেশনা, জ্ঞান হোক তোমার আলো, সহমর্মিতা হোক তোমার শক্তি।”

ড. আবরার আরও বলেন, আইইউটি হচ্ছে ওআইসি কর্তৃক বাংলাদেশে প্রতিষ্ঠিত একমাত্র আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, যা দেশের জন্য গর্বের বিষয়। তিনি আশ্বাস দেন যে সরকার সবসময় আইইউটির পাশে থাকবে এবং এর উন্নয়ন ও সাফল্যে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।

সমাবর্তন অনুষ্ঠানে ওআইসি প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষক, অভিভাবক এবং সংস্থাটির সদস্যদেশের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading