এইমাত্র পাওয়া

ভেড়ামারায় বিএনপির ৩১ দফা প্রচারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সামসুজ্জামান খান

নিজস্ব প্রতিবেদক।। কুষ্টিয়ার ভেড়ামারা শহরে বিএনপির রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা জনগণের মাঝে প্রচারে বুধবার সকালে পথসভা ও লিফলেট বিতরণ করেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেনান্ট কর্নেল সামসুজ্জামান খান।

পথসভায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালে জাতির সামনে রাষ্ট্রকাঠামো সংস্কার ও মেরামতের যে ৩১ দফা উপস্থাপন করেছিলেন, সেটিই বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে একটি সুশাসিত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

লেফটেনান্ট কর্নেল (অব.) সামসুজ্জামান খান আরও বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা যে ৩১ দফার পথনকশা পেয়েছি, সেটিই বাংলাদেশের সংস্কার ও পুনর্গঠনের মূল ভিত্তি। যদি জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনে, তবে ধাপে ধাপে এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।”

তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রথমেই প্রশাসন, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দুর্নীতি দমন, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এবং জনগণের মধ্যে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। তারা বলেন, এই কর্মসূচি শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, বরং রাষ্ট্র পুনর্গঠনের একটি দৃষ্টিভঙ্গি।

জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার সম্ভব নয় উল্লেখ করে সামসুজ্জামান খান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক হবে, আইনের শাসন নিশ্চিত হবে এবং জনগণ হবে রাষ্ট্রের প্রকৃত মালিক।”

তিনি আশা প্রকাশ করেন, জনগণ পরিবর্তনের এই আহ্বানে সাড়া দিয়ে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের সুযোগ তৈরি করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.