কিশোরীকে বিয়ে না করেই সংসারের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

রংপুরঃ রংপুরের গঙ্গাচড়ায় এক কিশোরী শিক্ষার্থীকে (১৮) বিয়ে না করেই দুই বছর ধরে স্ত্রী হিসেবে সংসার করার অভিযোগে প্রধান শিক্ষক আব্দুল কাদের মাস্টারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আব্দুল কাদের পাইকান কুঠি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান কুঠিপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই কিশোরী গত ১৭ অক্টোবর বাদী হয়ে থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল কাদেরের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়, বিগত দুই বছর ধরে ১৬ বছরের ওই কিশোরিকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্ত্রী হিসেবে সংসার করছিলেন প্রধান শিক্ষক আব্দুল কাদের। সংসার চলাকালীন বিয়ের চাপ দিলে ১৮ বছর হয়নি অজুহাতে কালক্ষেপণ করেন তিনি। এদিকে সম্প্রতি ওই কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় বিয়ে রেজিস্ট্রি করতে চাপ দেন। বিয়ে করতে টালবাহানা শুরু করেন আব্দুল কাদের। উল্টো কিশোরীকে ওই শিক্ষক নিজ বাড়িতে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। পরে রেজিস্ট্রি বিয়ের দাবিতে মেয়েপক্ষ গ্রামে সালিশ ডাকলে অভিযুক্ত আব্দুল কাদের জোর করে কিশোরীকে বাড়িতে আটকে রাখেন এবং ভুক্তভোগীর বাবাকে প্রাণনাশের হুমকি দেন।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.