আইডি কার্ড বিড়ম্বনায় শিক্ষার্থীরা, অনেকের ভোট দেওয়া নিয়ে অনিশ্চয়তা

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের দেওয়া আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হচ্ছে। যাদের আইডি কার্ড নাই তারা চাকসুর ভোট দিতে ভোটকেন্দ্রে যেতে পারছেন না। তবে যেসব শিক্ষার্থী বিকল্প প্রমাণপত্র উপস্থাপন করতে পারছেন তাদের ছাড় দেওয়া হচ্ছে। চবির জিরো পয়েন্টে প্রধান ফটকে দেখা গেছে এমন দৃশ্য। সেখানে আইডি কার্ড চেক করছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা টিমের সদস্যরা।

চবির নিরাপত্তা টিমের সদস্য প্রফেসর ড. আকিবুল হক বলেন, ক্যাম্পাসে প্রবেশে আইডি কার্ড থাকা বাধ্যতামূলক। নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে এ সিদ্ধান্ত। তবে কার্ড না থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরকম গুরুত্বপূর্ণ প্রমাণক ডুকমেন্টস উপস্থাপন করলে যাচাই-বাছাই শেষে ঢুকতে দেওয়া হচ্ছে। যারা কোনো ডকুমেন্টস দেখাতে পারছেন না; তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। তারা ডুকমেন্টস নিয়ে আসলে ভোট দিতে পারবেন।

ড. আকিবুল হক জানান, কার্ড ছাড়া যারা অন্য ডুকমেন্টস নিয়ে আসছেন, তাদের বিভাগের শিক্ষক, ডিনসহ নানা তথ্য জিজ্ঞাসা করে ছাত্র নিশ্চিত হলেই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে। আমরা কার্ড নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের অনেক আগে থেকেই সচেতন করেছি। এ বিড়ম্বনার জন্য চবি কর্তৃপক্ষ দায়ী নয়।

চবির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী অনন্যা দাশ বলেন, আইডি কার্ড নিয়ে আসতে হবে, আমি জানতাম না। আমাকে কেউ বলেনি। কার্ড না থাকায় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। কার্ড চট্টগ্রাম শহরের বাসায়। এখন ভোট না দিয়েই শহরে ফিরে যেতে হবে, আর কোনো উপায় নেই। গেইটে স্যার বললেন কার্ড লাগবেই।

ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আফরোজ আক্তার বলেন, আমার আইডি কার্ড হারিয়ে গেছে। বিভাগে আবেদন করেছিলাম। কার্ড ছাড়া ঢুকতে দেয়নি। পরে শহরের বাসা থেকে হোয়াটসঅ্যাপে ছবি এনে কম্পিউটার থেকে প্রিন্ট নিয়ে অনেক জিজ্ঞাসাবাদ শেষে ক্যাম্পাসে ঢুকতে দিয়েছে। এমন বিড়ম্বনায় পড়বো জানলে ভোট দিতেই আসতাম না।

ফরেস্টি বিভাগের আরেক শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, আমার আইডি কার্ড কোথাও খুঁজে পাইনি। একটি ফটোকপি ছিল। তা কম্পিউটার থেকে প্রিন্ট নিয়ে আসি। কিন্তু গেইটে প্রথমে বাধা দেয়। পরে বিভাগের শিক্ষক, ডিন কারা জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়েই ঢুকতে দিয়েছে। ভোট দিতে এসে মহাবিড়ম্বনায় পড়তে হয়েছে। তবুও ভোট দিতে পারছি, সেই আনন্দের।

প্রসঙ্গত, চবির প্রধান গেইটে শিক্ষার্থীদের উদ্দেশে মাইকিং করা হচ্ছে। সেখানে ঘোষণা দেওয়া হচ্ছে আইডি কার্ড প্রদর্শনের জন্য। আইডি কার্ড ছাড়া কাউকে ভেতরে প্রবেশে নিষেধ করা হচ্ছে। এক্ষেত্রে শিক্ষার্থীসহ সকলেও সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধান ফটকে চার জন শিক্ষকের নেতৃত্বে বিশেষ নিরাপত্তা টিমকে কাজ করতে দেখা গেছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১০/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.