ময়মনসিংহঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৮ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, ধেরুয়া কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে ধাক্কাতে ধাক্কাতে প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছেন। এ সময় আরও বেশ কয়েকজন সঙ্গে ছিলেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সংগঠিত এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধমে প্রকাশিত হলে তা ভাইরাল হয়ে যায় এবং পুরো উপজেলায় আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
ভুক্তভোগী অধ্যক্ষ গোলাম মোহাম্মদ অভিযোগ করেন, গত বছরের ৫ আগস্টের আগে থেকে বিভিন্ন বিষয়ে তার সঙ্গে বিরোধ চলে আসছিল তার কলেজের গণিতের শিক্ষক সাইফুল ইসলাম তালুকদার, ধর্মের শিক্ষক সাজেদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য শফিকুল ইসলাম রতন, আনোয়ার হোসেনের সঙ্গে। ৫ আগস্টের পর বিরোধ আরও বেড়ে যায়।
অধ্যক্ষ গোলাম মোহাম্মদ বলেন, ‘তারা আমার কাছে ৫০ লাখ টাকা দাবি করে। অন্যথায় কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। বহিরাগতদের নিয়েও কয়েকবার চেষ্টা করে। পরবর্তী প্রেক্ষাপটে তাদের সঙ্গে যুক্ত হয় মাওহা ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক ওয়ালি উল্লাহ, স্থানীয় রুমি মিয়া, সাইকুল ইসলামসহ আরও অনেকে।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আনোয়ার হোসেনের নেতৃত্বে কলেজে কয়েকজন গিয়ে ধাক্কাতে ধাক্কাতে আমাকে কলেজ থেকে বের করে দেয়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’
জানা গেছে, কলেজের নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগে অধ্যক্ষ গোলাম মোহাম্মদের অপসারণ দাবিতে গত বছরের জুলাই থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থী ও স্থানীয়দের একাংশ। ৫ আগস্টের পর অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে পদ থেকে সরিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে ধর্মের শিক্ষক সাজেদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। গত ১৭ অক্টোবর সাজেদুল ইসলাম স্থানীয় নেতাদের পরামর্শে গোলাম মোহাম্মদকে আবার অধ্যক্ষের দায়িত্ব বুঝিয়ে দেন। এরপর থেকে স্থানীয় একটি পক্ষ গোলাম মোহাম্মদকে কলেজে যেতে নিষেধ করে। তার কক্ষে তালা দেওয়া হয়।
মাওহা ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক ওয়ালি উল্লাহ বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে বিষয়টি সমাধান করে স্যারকে কলেজে যাওয়ার জন্য বলা হয়েছিল। তিনি নিয়োগ বাণিজ্যসহ ১৩টি অভিযোগে অভিযুক্ত। তাই মানুষ তাকে সহজে মেনে নেবে না এটাই স্বাভাবিক। যখন স্যারকে ধাক্কা দিয়ে আনোয়ার হোসেন বের করছিলেন, তখন আমি বাধা দিয়েছিলাম। এর জন্য দায়ী স্যার নিজেই।’ এছাড়া ওয়ালি উল্লাহ অধ্যক্ষের তোলা চাঁদাবাজির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
শিক্ষক সাজেদুল ইসলাম বলেন, ‘একসঙ্গে স্যারের সঙ্গে ৩০ বছর শিক্ষকতা করছি। উদ্ভূত পরিস্থিতিতে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি দায়িত্ব নিতে চাইনি। কিন্তু এখানে দুটি পক্ষ হয়ে যাওয়ায় সমস্যা সৃষ্টি হচ্ছে। স্যার তাদের ম্যানেজ করতে ব্যর্থ। স্যারের সঙ্গে একটি ঘৃণিত কাজ হয়েছে। যারা করেছে, তাদের বিচার হওয়া উচিত।’
এছাড়া অধ্যক্ষের করা চাঁদাবাজির অভিযোগের ব্যাপারে সাজেদুল ইসলাম বলেছেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’
উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমানারা বেগম বলেন, ধেরুয়া কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে উপজেলা মাধমিক শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেনেরর নাম্বারে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করে কোনো কথা না বলে ফোন কেটে দেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে মারধরের বিষয়ে গোলাম মোহাম্মদ একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
