ঢাকাঃ দেশের আকাশে আবারও জমতে শুরু করেছে মেঘ। মৌসুমি বায়ু সক্রিয় না থাকলেও দেশের প্রায় সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি উড়িষ্যা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের অদূরে উড়িষ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় সরে গেছে। এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া মৌসুমি বায়ুর অক্ষ বিস্তৃত হয়েছে পূর্ব উত্তর প্রদেশ, বিহার হয়ে লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় দেশের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী এক সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
