রংপুরঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের ২য় বর্ষ ২য় সেমিস্টারের মৌখিক পরীক্ষায় ‘নেকাব খুলতে চাপ প্রয়োগের’ ঘটনায় বিভাগটি দুঃখ প্রকাশ করেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান আরা তানজিয়ার সাক্ষরিত এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৩ সেপ্টেম্বর ২য় বর্ষ ২য় সেমিস্টার মৌখিক পরীক্ষায় হিজাব ও নেকাব নিয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য আমরা বিভাগের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করছি। ইতিহাস বিভাগে এর আগে এমন কোনো ঘটনার নজির নেই। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হওয়া এবং এ ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে শিক্ষার্থীদের উপর কোনো প্রভাব যেন না পড়ে সে বিষয়ে বিভাগের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকবেন।
জানা যায়, গত মঙ্গলবার বিভাগটির ১৫তম আবর্তনের চূড়ান্ত ভাইভায় (মৌখিক পরীক্ষায়) এক নারী শিক্ষার্থীকে বোর্ডে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বহিরাগত সদস্য নুরুল কাইয়ুম নেকাব খুলতে বলেন। এ সময় শিক্ষার্থী অস্বীকৃতি জানালে ভাইভা বোর্ডের আরেক সদস্য ও ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মো. ইউসুফ তাকে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে জানতে চাইলে বোর্ড সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, তেমন কিছুই হয়নি। ওই শিক্ষার্থীকে নেকাব খুলতে বলা হয়েছিল; না খোলায় নেকাব পরিহিত অবস্থাতেই ভাইভা নেওয়া হয়।
পরীক্ষায় ফেল করানোর হুমকির ব্যাপারে জানতে চাইলে সহকারী অধ্যাপক মো. ইউসুফ বলেন, এমন হুমকি আমি কাউকে দিইনি। আর মার্ক আমার হাতে নেই। আমি তো শুধুমাত্র সদস্য। বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু বেশি তাই আমাকে সব জায়গায় টেনে আনা হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
