গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত

গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামদেব বিএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করেছে উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা একাডেমি সুপারভাইজার মো. বেলাল হোসেন ও উপজেলা আইসিটি অফিসার কৃষ্ণ চন্দ্র রায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর লিখিত ও মৌখিক বক্তব্য গ্রহণ করেন। পরে প্রধান শিক্ষকের কাছ থেকেও মৌখিক বক্তব্য শোনেন এবং তাকে প্রমাণপত্রসহ লিখিত জবাব দিতে বলেন।

অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে শফিকুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতি, শিক্ষার্থীদের পাঠদানে অবহেলা, বিদ্যালয়ের অর্থের হিসাব-নিকাশে গড়মিল, বিদ্যালয়ের খেলার মাঠে ধান চাষ, শিক্ষার্থীদের কাছ থেকে মসজিদ নির্মাণের নামে টাকা উত্তোলন ও আত্মসাৎ, চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণ, বিদ্যালয়ের গাছ কেটে ব্যক্তিগত কাজে ব্যবহারসহ নানা অভিযোগ ওঠে।

এ অভিযোগের প্রতিবাদে গত ২৮ আগস্ট বিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এবং পরে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস তদন্ত কমিটি গঠন করেন। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ এম মাহাবুবুল ইসলামকে আহ্বায়ক, উপজেলা একাডেমি সুপারভাইজার মো. বেলাল হোসেনকে সদস্য সচিব এবং উপজেলা আইসিটি অফিসার কৃষ্ণ চন্দ্র রায়কে সদস্য করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.