এইমাত্র পাওয়া

আগস্টের বেতন হিসাবরক্ষণ অফিসে পাঠিয়েছে মাউশি, শিক্ষকরা পাবেন মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) মধ্যে দেওয়া হতে পারে। এরইমধ্যে বেতন-ভাতার অনুমোদন দিয়েছে দুই মন্ত্রণালয়।

রবিবার (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়  মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অ্যাডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল এর প্রোগ্রামার মো: জহির উদ্দিন সন্ধ্যায় শিক্ষাবার্তা’কে বলেন, অ্যাডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল থেকে আগস্ট মাসের বেতন-ভাতার হিসেব আইবাসে পাঠানো হয়েছে গত বুধবার । আইবাস থেকে আজ বিকেল ৫.৪০ ঘটিকায় হিসাবরক্ষণ অফিসে পাঠানো হয়েছে। হিসাবরক্ষণ অফিস আগামীকাল সকাল ১১টার মধ্যে বাংলাদেশ ব্যাংকে পাঠালে কাল বিকেলেই শিক্ষকদের ব্যাংকে টাকা জমা হবেহিসাবরক্ষণ অফিস বিলম্ব করলে আবার পরশু চলে যাবে।

গত ২৮ আগস্ট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন এমপিওভুক্ত ৩ লাখ ৭৫ হাজার ৬৬০ শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর মধ্যে স্কুলের ২ লাখ ৮৯ হাজার ২০০ জন ও কলেজের ৮৬ হাজার ৪৬০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

মাউশি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই পরিমাণ অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর সেপ্টেম্বরের শুরুতেই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। যার ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও দ্রুত ও স্বচ্ছ হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.