এইমাত্র পাওয়া

আগামী এক বছরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি ‌‌ব্র্যান্ড হবে: উপাচার্য

কুমিল্লা: আগামী এক বছরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে পরিণত করার আশা ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেন, শিক্ষার্থীদেরকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে কর্মমুখী শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে পাঠ্যক্রমে ইংরেজি ও আইসিটি বিষয় দুটি বাধ্যতামূলক করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়। ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপাচার্য ড. আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের মানবসম্পদে রূপান্তরিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। এর আলোকে অনার্সসহ বিভিন্ন কোর্সের সিলেবাস সংস্কার, তথ্যপ্রযুক্তিতে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

জানা যায়, জাতীয় বিশ্ববদ্যিালয়ের কাজে গতি আনতে এবং অধিভুক্ত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের দুর্ভোগ কমিয়ে আনার জন্য দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে এ কার্যক্রম বাস্তবায়নে কয়েকটি জেলায় আঞ্চলিক কেন্দ্র চালু করা হয়েছে। এর সঙ্গে যোগ হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র কুমিল্লা। কুমিল্লা আঞ্চলিক কেন্দ্র থেকে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ফেনী জেলার কলেজসমূহের কার্যক্রম পরিচালনা করা হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.