শিক্ষাবার্তা ডেস্ক।।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতকরা হারে বেতন বৃদ্ধি করতে আর্থিক ব্যয় বিবরণী পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে আলাদা করে চিঠি পাঠানো হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের দাবি অনুযায়ী শতকরা হারে বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য কতটাকা প্রয়োজন সে সংক্রান্ত একটি খসড়া জাতীয়করণপ্রত্যাশী জোটের কাছ থেকে পেয়েছেন। তবে এই তথ্য অসম্পূর্ণ। গ্রেড অনুযায়ী শিক্ষকদের বেতন আলাদা। ফলে সব মিলিয়ে কতটাকা লাগবে সে সংক্রান্ত একটি হিসেব অধিদপ্তরগুলোকে পাঠাতে চিঠি দেওয়া হচ্ছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব বলেন, ‘মাউশিতে যে চিঠি পাঠানো হয়েছে, সেই একই চিঠি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাধ্যমে পৃথক ভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। তিন দপ্তর থেকে আর্থিক ব্যয় বিরণী পাওয়ার পর এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
এদিকে মাউশিতে পাঠানো চিঠিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বলেছে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা শতকরা হারে প্রদানের বিষয়ে সিদ্ধান্ত প্রহণের জন্য শতকরা ২০ শতাংশ ন্যূনতম ৩ হাজার টাকার নিচে নয় ও শতকরা ১৫ শতাংশ ও ১০ শতাংশ ন্যূনতম ২ হাজার টাকার নিচে নয় হারে বাড়ি ভাড়া ভাতা দেয়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষ বিবরণী স্ল্যাব বা টেবিল আকারে প্রস্তুতপূর্বক পাঠানোর জন্য বলা হলো।’
শিক্ষাবার্তা /এ/ ২৯/০৮/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
