এইমাত্র পাওয়া

ক্লাস-পরীক্ষা বর্জন করে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালঃ বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেছে। সোমবার (২৫ আগস্ট) কলেজের একাডেমিক ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

শিক্ষার্থীদের অভিযোগ, গত ৬ মে যৌক্তিক দাবিতে আন্দোলনের সময় বহিরাগতদের এনে তাদের ওপর হামলা চালানো হয়। সেই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

শিক্ষার্থী শাকিল বলেন, নার্সিং কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম। গত ৬ মে আমাদের আন্দোলনে বহিরাগতদের এনে হামলা চালানো হয়। এরপর হামলাকারী ও তাদের মদদদাতা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আমরা ক্লাস বর্জন, ক্লিনিক্যাল ও ল্যাব প্র্যাকটিস বন্ধ ঘোষণা করেছিলাম।

শিক্ষার্থী শামীম হোসেন বলেন, ‘চার মাস পার হয়ে গেলেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। যারা আমাদের লাঞ্ছিত করেছে, তাদের দ্রুত বদলি বা অপসারণ করতে হবে। দাবি না মানলে আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে।’

স্টুডেন্ট নার্সেস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের দপ্তর সম্পাদক ফজলে রাব্বি অভিযোগ করে বলেন, আমাদের ওপর হামলায় মদদ দিয়েছেন শিক্ষক আলী আজগর, সাইদ হোসাইন রনি ও ফরিদা বেগম। অথচ তারা এখনও স্বপদে বহাল আছেন। তাদের অপসারণ করতে হবে। আমরা আজকে ক্লাস বর্জন ও বিক্ষোভের পাশাপাশি অধ্যক্ষ স্যারকে স্মারকলিপি দিয়েছি। যতদিন দাবি পূরণ না হবে, আমাদের আন্দোলন চলবে।

তিনি আরও জানান, দাবি মানতে বিলম্ব হলে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে কমপ্লিট শাটডাউন, আমরণ অনশনসহ কঠোর কর্মসূচিতে যাবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.