এইমাত্র পাওয়া

রাবিতে ৩ মাসেও রেজাল্ট না দেয়ায় আরবী বিভাগে তালা দিলো শিক্ষার্থীরা

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবী বিভাগের চতুর্থবর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার ৩ মাস পর হলেও রেজাল্ট না দেওয়ায় অফিসরুমে ও গেটে তালা দিয়েছে বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের ৩য় তলার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ, “তাদের চতুর্থ বষের ১ম সেমিস্টারের পরীক্ষা গত এপ্রিলে অনুষ্ঠিত হয়। অর্ডিন্যান্স অনুযায়ী এক মাসের মধ্যেই ফল প্রকাশের কথা। কিন্তু তিন মাস অপেক্ষা করার পরও ফলাফল প্রকাশিত না হওয়ায়, চার থেকে পাঁচ বার দফা দফায় পরীক্ষা কমিটির সভাপতি ও বিভাগের সভাপতির সাথে আলোচনা করা হয়; কিন্তু কোনো অগ্রগতি আসেনি। এ আগেও প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট দিতে ৫ মাস লাগায় বিভাগের পরীক্ষা কমিটি।”

এ সময় ‘রেজাল্ট দিয়ে টালবাহানা, চলবে না চলবেনা’; ‘চাইতে গেলাম ফলাফল, হয়ে গেলাম বেয়াদব’; ‘তুমি কে আমি কে, বেয়াদব, বেয়াদব’; ‘হুমকিদাতার কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’; ‘রেজাল্ট আমাদের অধিকার, দিতে হবে, দিতে হবে’—এসব স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

বিভাগের ২০২০-২১ সেশনের এক শিক্ষার্থী অভিযোগ করেন বলেন, “বিভাগের পক্ষ থেকে আজ (২৫ আগস্ট) ফল প্রকাশের আশ্বাস দেওয়া হলেও বিভাগের পক্ষ থেকে জানানো হয় আরো সময় লাগবে। এক পর্যায়ে পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. বেলাল হোসেন আমাদেরকে হুমকি দেন। তিনি বলেন, সাত দিনের মধ্যেও রেজাল্ট দিবো না; যা পারো তোমরা করো।”

রেজাল্ট দেরি হওয়ার বিষয়ে পরীক্ষা কমিটির সভাপতি আরবী বিভাগে অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, “রেজাল্ট দিতে দেরি হচ্ছে। কিন্তু আমরা বারবার চেষ্টা করছি যাতে দ্রুত হয়। আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করছি, কিন্তু দেরি হওয়াতে শিক্ষার্থীরা একটু ক্ষিপ্ত হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে আমরা রেজাল্ট দেওয়ার চেষ্টা করবো।”

সার্বিক বিষয়ে আরবী বিভাগের সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, “আরবী বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ১ম সেমিস্টারের ফলাফল প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। এ বিষয়ে জানতে গতকাল কয়েকজন শিক্ষার্থী আমার কাছে এসেছিল। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে, সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির সঙ্গে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।”

সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দিতে দেরির বিষয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন পরীক্ষার পর যথাসময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা যায়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হচ্ছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও আরবী বিভাগের অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসঊদ কে ফোন দেওয়া হলে উনি ব্যস্ত আছেন এ বিষয়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.