ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ তিন দাবি আদায়ে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। আগামী ৩০ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে দেশের সব জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেবেন।
প্রাথমিক শিক্ষকদের ছয়টি পৃথক সংগঠনের মোর্চা সহকরী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদে মহাসমাবেশের ডাক দিয়েছেন। রোববার (২৪ আগস্ট) ঐক্য পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষকদের দাবিগুলো হলো – প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা দেয়া, শতভাগ শিক্ষককে পদোন্নতি এবং ১০ ও ১৬ বছরপূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
ঐক্য পরিষদে সহকারী শিক্ষকদের ছয়টি সংগঠন রয়েছে। এরমধ্যে অন্যতম বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি।
সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন বলেন, ‘সরকারকে আমরা একটি সময়সীমা বেঁধে দিয়েছিলাম। সেসময় পার হলেও আমাদের দাবি-দাওয়া পূরণে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এজন্য আমরা আগামী ৩০ আগস্ট ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছি। এ সমাবেশে সারাদেশের প্রাথমিকের শিক্ষকরা অংশ নেবেন।’
তিনি বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে ওইদিন সকাল থেকে আমাদের সমাবেশ শুরু হবে। সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে আবেদন দিয়েছি। সেখানে কর্মসূচির বিষয়ে তাদের অবগত করে সহযোগিতা চাওয়া হয়েছে।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে ৪ লাখেরও বেশি শিক্ষক কর্মরত। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড দশম। আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
