নড়াইলঃ নড়াইলের কালিয়া উপজেলার বেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিনা বেগমের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে। আহত শিক্ষার্থী পঞ্চম শ্রেণির ছাত্র ছিয়াম শেখ (৯)। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গুরুতর আহত শিক্ষার্থী ছিয়াম শেখ কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামের কামাল শেখের ছেলে। আর প্রধান শিক্ষক লিনা বেগম বেন্দা গ্রামের পিনু বিশ্বাসের স্ত্রী।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) কালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষার্থীর বাবা কামাল শেখ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট দুপুরে ছুটির কিছু আগে সহপাঠীদের সঙ্গে ছিয়ামের কথাকাটাকাটি হলে কয়েকজন শিক্ষার্থী তাকে প্রধান শিক্ষকের কাছে নিয়ে যায়। তখন লিনা বেগম প্রকৃত কারণ খুঁজে না দেখে পূর্ব শত্রুতার জেরে ছিয়ামকে মারধর করেন। একপর্যায়ে মাথায় গুরুতর আঘাত পেলে তাকে প্রথমে কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
শিক্ষার্থীর বাবা কামাল শেখ বলেন, রাজনৈতিক বিরোধের কারণে লিনা বেগম দীর্ঘদিন ধরে আমাদের ক্ষতি করার চেষ্টা করছেন। আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা খুব খারাপ। মাথা ঘোরা ও বমি অব্যাহত রয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এমন অভিযোগ আছে কিনা খোঁজ নিয়ে জানানো হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৭/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
