এইমাত্র পাওয়া

এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪ অসাংবিধানিক কেন নয়- হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর বিধি ১২.২ এবং *স্বয়ংক্রিয় সফটওয়ারের মাধ্যমে বেসরকারি শিক্ষা (স্কুল, কলেজ) ও মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৪* কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে, ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখের পূর্বে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বিদ্যমান বা ভবিষ্যতে প্রণীত বদলি নীতি/নিয়মের অধীনে সমান শর্তে বদলির সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না— তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন এডভোকেট মোঃ মনিরুল ইসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

এডভোকেট মোঃ মনিরুল ইসলাম মিয়া শুনানিতে বলেন, বদলির ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে, যা সংবিধানের ২৭ ও ২৯ অনুচ্ছেদের পরিপন্থী।

জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষক বদলি নীতিমালা চ্যালেঞ্জ করে এই রিট পিটিশন দায়ের করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.